এম আর মাসুদ, ঝিকরগাছা
শত্রুতা করে যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ইউনিয়নের বড়খোলসী গ্রামের কৃষক শরিফুল ইসলামের ক্ষেতে ধানের গাদায় আগুন দেওয়া হয়েছে। গত বুধবার রাতে গ্রামের মেদের মাঠে এ আগুন দেওয়া হয়। কৃষক শরিফুল ইসলাম ওই গ্রামের মৃত রহমতুল্য সরদারের ছেলে।
ভুক্তভোগী কৃষক শরিফুল ইসলাম বলেন, ১৫ কাঠা জমির ধান কেটে সেখানে গাদা দিয়া দিয়ে রেখেছিলাম। শত্রুতা করে তাতে আগুন ধরিয়ে পুড়িয়ে দিয়েছে। এতে আমার প্রায় ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে। তিনি আরও বলেন, কাটা ধান বাড়িতে উঠানোর আগের রাতে ওই অমানুষরা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এতে আমার ও দেশের সম্পদ নষ্ট হয়েছে। এ ঘটনায় কৃষক শরিফুল ইসলাম চারজনের বিরুদ্ধে বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রে অভিযোগ করেন।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মো. বাবলুর রহমান খান বলেন, ‘এ বিষয়ে ভুক্তভোগী কৃষক বাঁকড়া আইসিতে একটি অভিযোগ করেন। তদন্ত পূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
