বিমানবন্দর থেকে আটক, আজই রিমান্ড আবেদন করবে ডিবি
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর নিউমার্কেট এলাকায় শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে আরেক শীর্ষ সন্ত্রাসী এস এম আসলাম হোসেন ওরফে সুইডেন আসলামকে। থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে সোমবার রাত আড়াইটার দিকে তাঁকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে দুপুরে টিটন হত্যা মামলায় তাঁকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মো. আকতার হোসেন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সুইডেন আসলামের বিরুদ্ধে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাঁর বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে। চলতি বছরের ২৮ এপ্রিল নিউমার্কেট এলাকায় সংঘটিত শীর্ষ সন্ত্রাসী টিটন হত্যাকাণ্ডের তদন্তে তাঁর নাম উঠে আসায় এ মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
ডিএমপির এই কর্মকর্তা আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে। জিজ্ঞাসাবাদ ও তদন্তের মাধ্যমে টিটন হত্যাকাণ্ডে তাঁর প্রকৃত সম্পৃক্ততা সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে বলে আশা করছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, থাইল্যান্ড থেকে দেশে ফেরার চার দিনের মাথায় আবারও থাইল্যান্ড যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন সুইডেন আসলাম। সোমবার রাতে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ওঠার উদ্দেশ্যে বিমানবন্দরে গেলে তাঁকে আটক করা হয়। পরে ইমিগ্রেশন পুলিশ তাঁকে ডিবির কাছে হস্তান্তর করে।
এ বিষয়ে ডিএমপির উপকমিশনার আকতার হোসেন বলেন, সুইডেন আসলাম কোথা থেকে এসেছেন কিংবা কোথায় যাওয়ার চেষ্টা করছিলেন, সে বিষয়ে ইমিগ্রেশন পুলিশ বিস্তারিত জানাতে পারবে। বর্তমানে তিনি ডিবির হেফাজতে রয়েছেন।
সুইডেন আসলামের বিরুদ্ধে থাকা অন্যান্য মামলার বিষয়ে তিনি বলেন, তাঁর বিরুদ্ধে বিভিন্ন সময়ে একাধিক মামলা হয়েছে। এর মধ্যে কিছু মামলা তদন্তাধীন, আবার কয়েকটির তদন্ত শেষে পুলিশ প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। সব মামলা পর্যালোচনা করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
চিহ্নিত ও শীর্ষ সন্ত্রাসীদের বিষয়ে ডিএমপি নিয়মিত গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করছে বলেও জানান তিনি। সুযোগ ও সক্ষমতা তৈরি হলে তাদের গ্রেপ্তার করা হচ্ছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, চলতি বছরের ২৮ এপ্রিল রাজধানীর নিউমার্কেট এলাকায় খুন হন শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটন। তিনি আরেক শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের শ্যালক। ২০০১ সালে সরকারঘোষিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর তালিকায় দ্বিতীয় অবস্থানে ছিল টিটনের নাম। পুলিশের প্রাথমিক ধারণা, শীর্ষ সন্ত্রাসীদের অভ্যন্তরীণ বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।
