নিজস্ব প্রতিবেদক, মনিরামপুর
যশোরের মনিরামপুরে ট্রলি চাপায় আব্দুল্লাহ (২৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এসময় নজরুল ইসলাম (৪৫) নামে মোটরসাইকেল চালক আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে পৌর এলাকার মোহনপুর বটতলা মোড়ে দুর্ঘটনাটি ঘটেছে। নিহত আব্দুল্লাহ উপজেলার শেখপাড়া খানপুর গ্রামের কেসমত আলীর ছেলে। নজরুল ইসলামের বাড়ি একই এলাকায়। তারা দুজনে যশোর-চুকনগর সড়কের রাজারহাট এলাকায় সালেহা মেটাল নামে একটি কারখানায় কাজ করতেন।
মনিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) সামনুর সোহান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশসহ প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে আব্দুল্লাহ ও নজরুল একই মোটরসাইকেলে চড়ে বাড়ি থেকে কর্মস্থলে যাচ্ছিলেন। নজরুল মোটরসাইকেল চালাচ্ছিলেন। পিছনে বসে ছিলেন আব্দুল্লাহ। তারা মোহনপুর বটতলায় প্রধান সড়কে ওঠার সময় কেশবপুরগামী দ্রুত গতির একটি ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় তারা দুজনে রাস্তায় পড়ে গেলে ট্রলির চাকার আব্দুল্লাহর পেটের উপর দিয়ে উঠে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে আব্দুল্লাহর মৃত্যু হয়।
মনিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তন্ময় বিশ্বাস বলেন, আব্দুল্লাহর মাথায় গুরুতর আঘাত ছিল। হাসপাতালে ভর্তি করে চিকিৎসা শুরু করার পরপরই আব্দুল্লাহ মারা গেছেন।
মনিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) সামনুর সোহান বলেন, স্বজনদের অনুরোধে আব্দুল্লাহ লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। নজরুলের অবস্থা স্বাভাবিক।
