ঢাকা অফিস
বৈদেশিক নির্ভরতা কমিয়ে দেশীয় সম্পদের সর্বোচ্চ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সমৃদ্ধ অর্থনীতি গঠন এবং ট্রিলিয়ন ডলার অর্থনীতির স্বপ্ন বাস্তবায়নে জ্বালানি ও খনিজসম্পদ খাতই দেশের মূল মেরুদণ্ড।
বুধবার (২০ মে) গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলা এলাকায় অবস্থিত কামতা-২ নম্বর কূপের স্পাড-ইন কার্যক্রমের শুভ উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, “বিদ্যুৎ ও জ্বালানি ছাড়া দেশের শিল্পায়ন সম্ভব নয়। বর্তমানে দেশে প্রায় ৫৭০টি শিল্পকারখানা গ্যাস সংযোগের অপেক্ষায় প্রস্তুত রয়েছে। হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ আটকে আছে। আমরা যদি এসব শিল্পপ্রতিষ্ঠানে গ্যাস সরবরাহ নিশ্চিত করতে পারি, তাহলে লাখো মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। এতে রাষ্ট্রের ট্রিলিয়ন ডলার অর্থনীতির স্বপ্ন বাস্তবে রূপ নেবে।”
তিনি আরও বলেন, সরকার এমন একটি অবস্থানে পৌঁছাতে চায় যেখানে জ্বালানির চাহিদা ও সরবরাহের মধ্যে কোনো ব্যবধান থাকবে না। নতুন কূপ খননের পাশাপাশি পুরোনো কূপগুলো সচল রাখতেও কাজ চলছে বলে জানান তিনি।
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, “আমরা আশা করছি, কামতা-২ এবং তিতাসের আরও তিনটি কূপসহ মোট চারটি কূপ থেকে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় গ্রিডে ৫৫ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত করা সম্ভব হবে।”
দেশীয় প্রতিষ্ঠানের সক্ষমতার কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, “পূর্ববর্তী সরকারগুলো দেশীয় কোম্পানিগুলোকে যথাযথ গুরুত্ব দেয়নি। অথচ আমাদের দেশের প্রতিষ্ঠানগুলোতে কর্মরত প্রকৌশলী ও কর্মকর্তারা অত্যন্ত মেধাবী, উচ্চশিক্ষিত ও দক্ষ। আমরা এই মেধা ও দক্ষতাকে কাজে লাগাতে চাই।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পেট্রোবাংলা-এর চেয়ারম্যান মো. আব্দুল মান্নান, পরিচালক (অর্থ) এ কে এম মিজানুর রহমান, পরিচালক (অপারেশন্স অ্যান্ড মাইনস) মো. রফিকুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আবদুল জলিল, বিজিএফসিএল-এর প্রকৌশলী এ কে এম জসীম উদ্দিন এবং সিসিডিসি’র ব্যবস্থাপনা পরিচালক লিও শাওমিংসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
