নিজস্ব প্রতিবেদক: ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) দ্বিতীয় অর্ধশতকের দেখা পেয়েছেন সিটি ক্লাবের অধিনায়ক ও যশোর জেলা দলের অলরাউন্ডার জাওয়াদ মো. রয়েন। সোমবার বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে তিনি দুর্দান্ত অর্ধশতক তুলে নেন।
ব্যাট হাতে অর্ধশতকের সাথে ম্যাচের দ্বিতীয় ওভারে বল হাতে তুলে নিয়ে সৌম্য সরকারকে স্ট্যাম্পিংয়ের ফাঁদে ফেলে সাজঘরে ফেরত পাঠান।
আগের ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ৬৬ বলে ৫টি চার ও ৩টি ছক্কায় ৭৯ রানের ইনিংস খেলেন জাওয়াদ। রয়েন সোমবার পর্যন্ত নয় ম্যাচ খেলে ২৩২ রানের পাশে নিয়েছেন ৬ উইকেট। তবে বৃথা গেছে তার ফিফটি। সিটি ক্লাব হেরেছে পাঁচ রানে। টানা চার হারের পর সিটি ক্লাবের বিপক্ষে ৫ রানে জয় পেয়েছে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব। টস হেরে ব্যাটিংয়ে নামে মোহামেডান। শুরুতেই সিটি ক্লাবের বোলিং তোপে পড়ে ক্লাবটি। ৫৩ রানেই হারিয়ে বসে পাঁচ উইকেট।
সেই সময় দলের হাল ধরেন শুভাগত হোম এবং আব্দুল মজিদ। এই দুই জনের ব্যাটে ভর করে ২২৮ রানের মাঝারি সংগ্রহ পায় মোহামেডান। দলটির হয়ে শুভাগত হোম ৫৯ এবং আব্দুল মজিদ করেন ৬৪ রান।
২২৯ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরু দলকে ভালো সূচনা এনে দেন সিটি ক্লাবের দুই ওপেনার তৌফিক তুষার এবং শাহরিয়ার কমল। উদ্বোধনী জুটিতে করেন ৫০ রান। পরের ৫০ রান তুলতে অবশ্য পাঁচ উইকেট হারিয়ে বসে সিটি ক্লাবও। স্কোরবোর্ডে ১৪২ রান তুলতেই হারিয়ে বসে সাত উইকেট।
এ সময় দলের হাল ধরেন অধিনায়ক জাওয়াদ রোয়েন এবং রাজিবুল ইসলাম। এই দুইজনের অষ্টম উইকেট জুটিতে ঘুরের দাঁড়ানোর বার্তা দেয় সিটি ক্লাব। রাজিবুলের বিদায়ের সেই স্বপ্ন ফিকে হতে শুরু করে।
তবে এক প্রান্ত আগলে রেখে মোহামেডান বধের স্বপ্ন ধরে রাখে সিটি ক্লাব। দলকে নিয়ে যান জয়ের দ্বারপ্রান্তে। শেষ দুই ওভারে জয়ের জন্য সিটির দরকার ছিল ৯ রান, হাতে ছিল এক উইকেট। সবচেয়ে বড় কথা, ক্রিজে ছিলেন সিটির ছন্দে থাকা অধিনায়ক জাওয়াদ রোয়েন।
কিন্তু ৪৯তম ওভারের চতুর্থ বলে সৌম্যর স্লোয়ার বাউন্সারে আপার কাট করতে গিয়ে ক্যাচ আউট হয়ে যান ৬৯ রান করা জাওয়াদ। জয় থেকে ৫ রান দূরে থাকা জাওয়াদ শটটি খেলে হতাশায় মুষড়ে পড়েন। শেষ পর্যন্ত ২২৩ রানে থামে সিটি ক্লাবের ইনিংস। মোহামেডানের হয়ে পেসার হাসান তিন উইকেট শিকার করেন। এছাড়াও দুইটি করে উইকেট শিকার করেন সোহওয়ার্দী শুভ, নাজমুল ইসলাম এবং সৌম্য সরকার।
এদিকে এদিন মাঠে নামেন যশোরের আরও দুই ক্রিকেটার ইমরানুজ্জামান ও মঈনুল ইসলাম সোহেল। সোহেল সিটি ক্লাবের পক্ষে ১৪ বলে ১৪ রান ও পাঁচ ওভার বল করে ২৮ রানে নেন এক উইকেট। রুপগঞ্জ টাইগর্সের পক্ষে ওপেন করতে নেমে ইমরানুজ্জামান ৬০ বলে ২ চারে ২০ রান করেন।