নিজস্ব প্রতিবেদক
ডেঙ্গু মশার বিস্তার রোধে যশোর নগরের ১ নম্বর ওয়ার্ডে পরিচ্ছন্নতা কার্যক্রম, জীবাণুনাশক স্প্রে ও জনসচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) এ কর্মসূচির উদ্বোধন করেন যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন।
কর্মসূচির অংশ হিসেবে ওয়ার্ডের বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। পাশাপাশি ডেঙ্গুর বাহক এডিস মশার প্রজননস্থল ধ্বংসে জীবাণুনাশক স্প্রে এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন যশোর নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, মো. ফারুক হোসেন, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মাসুদুল বারী কাক্কু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমীর ফয়সাল, নগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা তরফদার রয়েলসহ ১ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
কর্মসূচিতে বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু ওষুধ ছিটানো নয়, নিজেদের বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও পানি জমতে না দেওয়ার বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। ডেঙ্গু প্রতিরোধে সামাজিকভাবে সম্মিলিত উদ্যোগের ওপরও গুরুত্বারোপ করেন তারা।
