নিজস্ব প্রতিবেদক
জন্ম থেকেই দুটি হাত নেই, নেই একটি পা-ও। অন্যের সহযোগিতা ছাড়া চলাফেরাও কঠিন। অথচ এই শারীরিক সীমাবদ্ধতা কখনোই তার স্বপ্নের পথে দেয়াল হয়ে দাঁড়াতে পারেনি। মুখ ও একটি মাত্র পা দিয়ে লিখে একের পর এক শিক্ষাজীবনের সাফল্য অর্জন করেছেন তিনি। প্রতিকূলতাকে হার মানিয়ে নিজের মেধা, অধ্যবসায় আর অদম্য ইচ্ছাশক্তিতে এগিয়ে চলেছেন স্বপ্নপূরণের পথে। তিনি যশোরের অদম্য মেধাবী শিক্ষার্থী তামান্না নূরা।
এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করে দেশজুড়ে আলোচনায় আসা তামান্না এখন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ইংরেজি বিভাগের ফাইনাল সেমিস্টারের শিক্ষার্থী। জীবনের প্রতিটি ধাপে অসংখ্য বাধা পেরিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাজীবন শেষ করার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে তিনি। তার এই পথচলা শুধু একটি সাফল্যের গল্প নয়, বরং হাজারো প্রতিকূলতার বিরুদ্ধে মানুষের অদম্য লড়াইয়ের অনুপ্রেরণা।
তামান্নার বাড়ি যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ইউনিয়নের আলীপুর গ্রামে। বাবা রওশন আলী স্থানীয় পোদাউলিয়া দাখিল মাদ্রাসার বিএসসি শিক্ষক। মা খাদিজা পারভীন শিল্পী একজন গৃহিণী।
তামান্নার জন্মের পর থেকেই পরিবারকে মোকাবিলা করতে হয়েছে নানা প্রতিকূলতা। শারীরিক প্রতিবন্ধকতার পাশাপাশি সমাজের মানুষের কটূক্তি, বিদ্রুপ আর অবহেলাও সহ্য করতে হয়েছে পরিবারকে। বিশেষ করে মেয়ের ভবিষ্যৎ নিয়ে গভীর দুশ্চিন্তায় দিন কাটত মা খাদিজা পারভীন শিল্পীর। সবাই যখন গভীর রাতে ঘুমিয়ে পড়তেন, তখন জায়নামাজে বসে চোখের জলে মহান আল্লাহর কাছে মেয়ের সুন্দর ভবিষ্যৎ কামনা করতেন তিনি। মায়ের সেই নীরব কান্না, দোয়া আর নিরন্তর সংগ্রামের প্রতিচ্ছবি যেন আজ তামান্নার প্রতিটি অর্জনে।
শৈশবে বাবার কাঁধে চড়ে শুরু হয়েছিল তামান্নার বিদ্যালয়জীবন। সেই পথচলা সহজ ছিল না। অন্য শিশুদের মতো বেঞ্চে বসা, হাতে কলম ধরে লেখা কিংবা স্বাভাবিকভাবে পরীক্ষায় অংশ নেওয়া তার পক্ষে সম্ভব ছিল না। মুখ ও একটি মাত্র পা ব্যবহার করেই লিখতে হয়েছে তাকে। প্রয়োজন হয়েছে বিশেষ চেয়ার ও বেঞ্চের। তবুও থেমে থাকেননি তিনি।
প্রাথমিক শিক্ষার গণ্ডি পেরিয়ে ভর্তি হন বাঁকড়া হাইস্কুলে। সেখানে পড়াশোনা চালিয়ে যাওয়াও ছিল একেকটি নতুন চ্যালেঞ্জ। কিন্তু শারীরিক সীমাবদ্ধতা কিংবা মানুষের নেতিবাচক মন্তব্য কোনোটিই তার মনোবল ভাঙতে পারেনি। পিএসসি, জেএসসি ও এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করে নিজের মেধার স্বাক্ষর রাখেন। পরবর্তী সময়ে বিজ্ঞান বিভাগ থেকে উচ্চমাধ্যমিকেও জিপিএ-৫ অর্জন করে সবাইকে তাক লাগিয়ে দেন।
এরপর ভর্তি হন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ধাপে নিজের মেধা, পরিশ্রম ও অধ্যবসায়ের পরিচয় দিয়ে চলেছেন তিনি। বর্তমানে ফাইনাল সেমিস্টারের শিক্ষার্থী তামান্নার সামনে নতুন স্বপ্ন, নতুন সম্ভাবনা।
তবে শিক্ষাজীবনে এতসব সাফল্যের পরও দৈনন্দিন জীবনের বাস্তবতা এখনো কঠিন। চলাফেরার জন্য অন্যের সহযোগিতার পাশাপাশি হুইলচেয়ার তার নিত্যসঙ্গী। সাধারণ হুইলচেয়ারে চলাচলে নানা অসুবিধা হওয়ায় তার প্রয়োজন ছিল বিশেষ সুবিধাসম্পন্ন একটি হুইলচেয়ার। যা তার চলাফেরাকে সহজ করার পাশাপাশি দৈনন্দিন জীবনে কিছুটা স্বস্তি এনে দিতে পারে।
তামান্নার সেই প্রয়োজনের কথা বিবেচনায় নিয়ে রোববার যশোর জেলা প্রশাসনের সহযোগিতায় তার হাতে বিশেষ সুবিধাসম্পন্ন একটি হুইলচেয়ার তুলে দেন যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এ সময় তিনি তামান্নাকে আর্থিক সহায়তাও প্রদান করেন।
সহায়তা প্রদানকালে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের এই উদ্যোগ তামান্নার চলার পথকে আরও সহজ করবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। একটি বিশেষ হুইলচেয়ার হয়তো তার জীবনের সব প্রতিবন্ধকতা দূর করতে পারবে না, তবে নিজের স্বপ্নের পথে এগিয়ে যাওয়ার লড়াইয়ে এটি হয়ে উঠতে পারে গুরুত্বপূর্ণ সহায়ক।
এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খান খোকন, জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাল, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক নূর ইসলাম, যশোর সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার হকসহ অনেকে।
তামান্নার গল্প আমাদের মনে করিয়ে দেয়, মানুষের স্বপ্নের উচ্চতা কখনো শরীরের সক্ষমতা দিয়ে নির্ধারিত হয় না। প্রয়োজন শুধু সাহস, আত্মবিশ্বাস, পরিবারের ভালোবাসা আর এগিয়ে যাওয়ার অদম্য প্রত্যয়। যে মেয়েটিকে একসময় সমাজের নানা প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে, সেই মেয়েই আজ নিজের অর্জন দিয়ে অসংখ্য মানুষের অনুপ্রেরণা হয়ে উঠেছেন।
