নিজস্ব প্রতিবেদক ॥ তালাক গোপন রেখে স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক করায় যশোরের চৌগাছায় একজনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে আদালতে মামলা হয়েছে। উপজেলার স্বর্পরাজপুর গ্রামের এই ঘটনার পর বুধবার ওই গৃহবধূ যশোর আদালতে এই মামলা করেন। আসামি আলী কদর ওই গ্রামের মৃত আব্দুল জলিল বিশ্বাসের ছেলে।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ২-এর বিচারক (জেলা ও দায়রা জজ) মামলাটি তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য সিআইডি পুলিশ যশোরকে আদেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন, বাদীর আইনজীবী সৈয়দ কবির হোসেন জনি।
মামলার বিবরণে জানা গেছে, ২০১৬ সালের ১৩ অক্টোবর আসামি আলী কদর ওই নারীকে বিয়ে করে সংসার করছেন। বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে আলী কদর স্ত্রীকে প্রায়ই মারপিট ও নির্যাতন করতেন। গত ১০ মার্চ আসামি আলী কদর স্ত্রীকে তালাক দিয়ে গোপন করে রাখে। গত ১ মে আলী কদর স্ত্রীকে যৌতুকের দাবিতে মারপিট করে সন্তানসহ পিতার বাড়ি তাড়িয়ে দেন। পরদিন তিনি জনতে পারেন স্বামী তাকে তালাক দিয়ে গোপন করে রাখেন। তালাক গোপন করে গত ১০ মার্চ থেকে ১ মে পর্যন্ত আসামি আলী কদর স্ত্রীর সাথে শারিরীক সম্পর্ক বজায় রেখে ধর্ষণের অপরাধ করায় আদালতে মামলা করা হয়েছে।