নিজস্ব প্রতিবেদক
যশোরে তিন শতাধিক এতিম শিশুদের মাঝে ইফতার ও উন্নতমানের খাবার বিতরণ করা হয়েছে। বুধবার যশোর সরকারি শিশু পরিবার (বালিকা), কারবালাস্থ পীর নূর বোরহান শাহ ফোরকানিয়া এতিমখানার ও চাঁচড়া এতিমখানায় খাবার ও ইফতার বিতরণ করা হয়। দাতা সংস্থা ইকো’র অর্থায়নে এদিন সন্ধ্যায় উন্নত মানের খাবারের সঙ্গে ইফতার পেয়ে খুশি হন পরিবার ও পিতা মাতা হারা এতিম শিশুরা।
সন্ধ্যায় যশোর সরকারি শিশু পরিবার (বালিকা) কেন্দ্রে শতাধিক এতিম মেয়ে শিশুদের সঙ্গে ইফতার ও খাবার খান যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক (উপসচিব) মো: রফিকুল হাসান। এসময় তিনি শিশুদের উদ্দেশ্য বলেন, ‘তোমরা নিজেদের এতিম ভাবলে হবে না। তোমাদের পাশে সরকার ও স্থানীয় প্রশাসন রয়েছে। অনেকেই এই বালিকা কেন্দ্র থেকে পড়াশোনা করে ভালো মানুষ হিসাবে নিজেকে গড়ে তুলেছেন।’ তোমরাও মন দিয়ে লেখাপড়া করবে। বড় হবার স্বপ্ন দেখবে। তাহলে অবশ্যই সেই লক্ষে পৌঁছাতে পারবে।
এসময় জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক অসিত কুমার সাহা, সদর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার, যশোর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. আলাউদ্দিন আল মামুন, কেন্দ্রটির উপ-তত্ত্বাবধায়ক শামিমা ইয়াসমিন, ইকো’র প্রজেক্ট অফিসার আবদুল কাদের, প্রকৌশলী আসিফ চৌধুরী জুয়েল প্রমুখ।
সরকারি শিশু পরিবারের (বালিকা) বাসিন্দা নবম শ্রেণির ছাত্রী সুমাইয়া খানম ও ১০শ শ্রেণির ছাত্রী খাদিজা খাতুন জানান, আমরা ভাবতে পারেনি যে সরকারি বড় কর্মকর্তাদের সাথে ইফতার করব। ইফতার ও উন্নতমানের খাবার পেয়ে আমরা অনেব খুশি। এজন্য ইকোকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। তারা যেন সমাজের পিছিয়ে পড়া অসহায়, এতিমদের জন্য তাদের কার্যক্রম অব্যাহত রাখে।
এছাড়া একই দিন কারবালাস্থ পীর নূর বোরহান শাহ ফোরকানিয়া এতিমখানার ও চাঁচড়া এতিমখানায় খাবার ও ইফতার বিতরণ করা হয়।
