নিজস্ব প্রতিবেদক: দুর্নীতি বিরোধী অনুসন্ধানী প্রতিবেদনের জন্য ‘দুদক মিডিয়া অ্যাওয়ার্ড-২০১৯’ অর্জন করেছেন প্রথম আলোর যশোর জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে শুক্রবার সকালে ঢাকা শিল্পকলা একাডেমির নাট্যশালা মঞ্চে বিশেষ অতিথি হিসেবে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এই পুরস্কার তুলে দেন।
দুদক আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে রাষ্ট্রপতি আবদুল হামিদের বক্তব্য উপস্থাপন করা হয়। দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আব্দুল্লাহ’র সভাপতিত্ব অনুষ্ঠানে বক্তব্য রাখেন দুদক কমিশনার ড. মোজাম্মেল হক খান (অনুসন্ধান) ও জহুরুল হক (তদন্ত) এবং দুদক সচিব মাহমুদ হোসেন।
অতিথিরা মনিরুল ইসলামের হাতে পুরস্কারের স্মারক (ক্রেস্ট), সনদপত্র ও চেক তুলে দেন। মনিরুল ইসলাম ছাড়াও সারাদেশের প্রিন্ট (ছাপা) ও ইলেক্ট্রনিক্স সংস্করণে আরো পাঁচজনকে এ পুরস্কার দেওয়া হয়েছে। এরমধ্যে তিনজন প্রিন্ট ও তিনজন ইলেক্ট্রনিক মাধ্যমের সাংবাদিক রয়েছেন।
২০১৯ সালের ২৭ আগস্ট ‘যশোর শিক্ষা বোর্ড; দরপত্র ছাড়াই কেনাকাটা, অধিকাংশই অস্তিত্বহীন’ শিরোনামে প্রথম আলো পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদনের জন্যে মনিরুল ইসলামকে এই পুরস্কার প্রদান করা হয়। মনিরুল ইসলাম এর আগে ‘মাদক বিরোধী সেরা প্রতিবেদন পুরস্কার-২০১২’ অর্জন করেন।
২০০৯ সাল থেকে তিনি প্রথম আলো পত্রিকার যশোর জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে যশোর থেকে প্রকাশিত দৈনিক গ্রামের কাগজ, দৈনিক কল্যাণ ও দৈনিক রানার পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে সাংবাদিকতা করেছেন।