নিজস্ব প্রতিবেদক: যশোরে টিআইবির নতুন প্রকল্প ‘পার্টিসিপেটরি অ্যাকশন এগেইনেস্ট করাপশন: টুওয়ার্ডস ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি (প্যাকটা)’ বিষয়ে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে সচেতন নাগরিক কমিটি (সনাক)’র আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সনাক সভাপতি শাহিন ইকবালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির, ডেপুটি সিভিল সার্জন নাজমুস সাদিক, জেলা শিক্ষা অফিসার এ কে এম গোলাম আযম, জেলা ভূমি অফিসার মিখাইল ইসলাম, সনাকের সাবেক সভাপতি সুকুমার দাসসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, টিআইবি, সনাক ও ইয়েস গ্রুপের সদস্যবৃন্দ।
সভায় টিআইবির কো-অর্ডিনেটর কাজী শফিকুর রহমান জানান, টিআইবি বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে স্থানীয় পর্যায়ে সনাক’র মাধ্যমে দুর্নীতিবিরোধী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) এর সঙ্গে সামঞ্জস্য রেখে অধিকতর অন্তর্ভুক্তিমূলক, ন্যায়সঙ্গত ও বৈষম্যহীন সমাজ গড়ে তোলা এবং দুর্নীতি প্রতিরোধে অবদান রাখতে পার্টিসিপেটরি অ্যাকশন এগেইনেস্ট করাপশন: টুওয়ার্ডস ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি (প্যাকটা) প্রকল্প গ্রহণ করেছে। পাঁচ বছর মেয়াদী প্রকল্পটি ২০২২ সালের জানুয়ারি থেকে শুরু হয়েছে। শেষ হবে ২০২৬ ডিসেম্বরে। প্রকল্পে শিক্ষা, স্বাস্থ্য, ভূমি, নির্মাণ, পরিবেশ এবং প্রযোজ্য ক্ষেত্রে সামাজিক নিরাপত্তা কর্মসূচি খাতে সেবার মান, সুশাসনের অবস্থা পর্যবেক্ষণ ও উন্নয়নের লক্ষ্যে নানা কর্মসূচি বাস্তবায়ন করবে। প্রকল্পে যশোরের জন্য ১৯০টি কর্মসূচি ঘোষণা করা হয়েছে। যার বাজেট ধরা হয়েছে ৩৫ লাখ ৫৫ হাজার টাকা।
প্রধান অতিথি জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান বলেন, অনিয়ম বা দুর্নীতি কিভাবে হয় তা জানা জরুরি। ঘুষ খাওয়াও যেমন অপরাধ তেমনি ঘুষ প্রদান করাও অপরাধ। তাই সকলকে একসাথে কাজ করতে হবে। এ ক্ষেত্রে সকলের মানসিকতার পরিবর্তন করতে হবে। সরকারি সেবার মান বৃদ্ধিতে টিআইবি ভূমিকা পালন করছে। তিনি প্রত্যাশা করেন টিআইবি ও সনাক কর্তৃক যে নতুন প্রকল্প শুরু করতে যাচ্ছে তাতে দুর্নীতিবিরোধী মানসিকতার প্রতিফলন থাকবে।