নিজস্ব প্রতিবেদক
যশোরে নাশকতা মামলার দেড় শতাধিক আসামিকে রোববার সকালে আদালতে আত্মসমর্পণ করানো আইনজীবী সৈয়দ কবীর হোসেনকে এদিন সন্ধ্যা আটক করেছে ডিবি পুলিশ। ওই আসামিদের আত্মসমর্পণ করানোর পর আইনজীবী হিসেবে সাংবাদিকদের ব্রিফিং দেয়ায় তাকে আটক করা হয়। তিনি সাবেক ছাত্রলীগ নেতা। বর্তমানে যশোর জেলা আইনজীবী সমিতির সদস্য এবং অভয়নগরের প্রেমবাগ গ্রামের মৃত সৈয়দ মোদাচ্ছের হোসেনের ছেলে।
সংশ্লিষ্ট সূত্র মতে, গতকাল রোববার বাঘারপাড়া, অভয়নগর ও কোতোয়ালি থানার পৃথক মামলায় দেড় শতাধিক আসামিকে আদালতে আত্মসমর্পণ করান অ্যাডভোকেট সৈয়দ কবীর হোসেন জনি। স্ব-স্ব আদালতের বিচারক ওই আসামিদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের আদেশ দেন। এদিন দুপুরেই আইনজীবী কবীর হোসেন জনি ব্রিফিংকালে সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, মামলার ঘটনার সাথে বাস্তবে কোনো মিল নেই। মনগড়া অভিযোগ দিয়ে মামলা দায়ের করা হয়েছে। ফলে এই আসামিদের জন্য তারা জেলা জজ আদালতে জামিন ধরবেন। বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। তাছাড়া আজ সোমবারও অ্যাডভোকেট সৈয়দ কবীর হোসেন জনির বেশ কয়েকজন আসামিকে নাশকতা মামলায় ইতিপূর্বে আটক হওয়া আসামিদের জামিনের জন্য জেলা ও দায়রা জজ আদালতে যাওয়ার কথা ছিলো। কিন্তু তার আগেই এই ব্রিফিংয়ের পর থেকেই তাকে আটকের জন্য তার অবস্থান সম্পর্কে রেকি করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সন্ধ্যায় যশোর শহর থেকেই আটক করা হয়েছে।
এই বিষয়ে ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবব্রত হরি বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অ্যাডভোকেট সৈয়দ কবীর হোসেন জনিকে আটক করা হয়েছে। এ বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। কর্তৃপক্ষর নির্দেশ অনুযায়ি পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
