নিজস্ব প্রতিবেদক
যশোরে ছেলেকে বিদেশে পাঠানোর জন্য ধার নেয়া ১০ লাখ টাকা ফেরত চাওয়ায় পাওনাদারকে মারপিটের হুমকি দেয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে। গতকাল যশোর শহরতলীর কিসমত নওয়াপাড়ার আসাদুজ্জামান বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় এই মামলাটি করেছেন।
আসামিরা হলো, একই উপজেলার ঘুনি গ্রামের নাথপাড়ার মিজানুর রহমান, তার স্ত্রী সখিনা বেগম ও মৃত হোসেন আলীর স্ত্রী লাইলী বেগম।
বাদী মামলায় জানিয়েছেন, পূর্ব পরিচিত হওয়ার কারণে আসামি সখিনা বেগম বাদীকে ধর্মের ভাই বলে সম্বোধন করে। এরপরে আসামি মিজানুর রহমানের ছেলে নয়নকে বিদেশে পাঠানোর জন্য ২০১৪ সালের ২২ আগস্ট বাদীর কাছ থেকে ১০ লাখ টাকা ধার নেয়। টাকা নেয়ার দুই মাসের মধ্যে পরিশোধ করার কথা থাকলেও নানা তালবাহানা শুরু করে। সর্বশেষ হত ৫ ডিসেম্বর বিকেল ৫টার দিকে আসামিদের বাড়িতে গিয়ে পাওনা টাকা ফেরৎ চান বাদী। এসময় টাকার কথা অস্বীকার করে মারপিটের ভয় দেখিয়ে তাড়িয়ে দেয়। এই ঘটনায় থানায় মামলা করা হলেও কোন আসামিকে আটক করতে পারেনি পুলিশ। কিন্তু মামলার তদন্ত কর্মকর্তা এসআই শেখ সাইফুল ইসলাম বলেছেন, আসামি আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
