শাহারুল ইসলাম ফারদিন: যশোর সদরের নওয়াপাড়া ইউনিয়নে সুবিধাভোগীদের মধ্যে বিতরণ করা ১০ টাকা মূল্যের চাল ক্রয়ের কার্ড বাতিল করার অভিযোগ উঠেছে। এরই মধ্যে কর্তনকৃত কার্ডগুলো ফিরে পাওয়ার দাবিতে বিক্ষোভ করেছেন শতাধিক ভুক্তভোগী। উপজেলা প্রশাসন বলছেন, বিষয়টি তদন্ত করে খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তারা।
নওয়াপাড়া ইউপি সচিব রুহুল আমিন জানান, মঙ্গলবার সকালে আকস্মিক চার নম্বর ওয়ার্ডের লোকজন কার্ড ফিরে পাওয়ার দাবিতে ইউনিয়ন পরিষদ অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পরিষদ এরিয়ায় উত্তেজনা ছড়িয়ে পড়লে তালবাড়িয়া ফাঁড়ি পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিক্ষোভে অংশ নেয়া নওয়াপাড়া ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা রজিনা ও চন্দনা জানান, তাদের প্রত্যেকের নামে সরকারিভাবে বরাদ্দকৃত ১০ টাকা মূল্যের কার্ড ছিল। যা দিয়ে ইতোপূর্বে তারা চাল ক্রয়ও করেছেন। তবে এখন আর পারছেন না।
চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা শিউলি বেগম, সুলতানা খাতুন ও রিনা বেগম জানান, গতকাল সকালে নওয়াপাড়া ইউনিয়নে রেশন কার্ডের চাল বিতরণ করা হয়। এ সময় চাল কিনতে গিয়ে তারা জানতে পারেন তাদের কার্ড বাতিল করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট ওয়ার্ডের নবনির্বাচিত ইউনিয়ন পরিষদের সদস্যদের জানানো হয় তবে বিষয়টির কোন সমাধান করা হয়নি।
চার নম্বর ওয়ার্ড মেম্বার সাজেদুল হক রিপন জানান, চার নম্বর ওয়ার্ড শেখহাটি এরিয়াটা অনেক বড়, লোকসংখ্যাও অনেক বেশি। এখানে কার্ডের সংখ্যাও বেশি। এ ওয়ার্ডে চারশ’র উপরে কার্ড ছিলো, পুরাতন ৫৫টি কার্ড ব্যতিত সকল কার্ড বাতিল করা হয়েছে। কি কারণে বাতিল করা হয়েছে তা তিনি জানেন না।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় অনেকেই জানান, ইউপি নির্বাচনে বিদ্রোহী মোটরসাইকেল প্রতীকের প্রার্থী হুমায়ুন কবির তুহিন জয় লাভ করে নওয়াপাড়া ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। তিনি চার নম্বর ওয়ার্ড শেখহাটিতে মাত্র ২৫০টি ভোট পান। এলাকার ভোটাররা তার ভোট না দেয়ার ক্ষোভ থেকে তিনি কার্ড বাতিল করেছেন।
তবে অভিযোগ অস্বীকার করে কর্তনকৃত কার্ডগুলো বিবেচনা করে যোগ্য হলে পুনরায় করে দেয়া হবে বলে জানিয়েছেন নওয়াপাড়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান হুমায়ন কবির তুহিন। সরকারি নিয়ম মেনেই কার্ড প্রদান করা হয়েছে। সকল ওয়ার্ডেই কার্ড সমান করে দেয়া হচ্ছে। এর মধ্যে কেউ বাদ পড়লে তদন্ত করে যোগ্যদের ফের দেয়া হবে। একটি কুচক্রিমহল বিভ্রান্তি সৃষ্টি করার লক্ষ্যে উসকানি ও মিথ্যা তথ্য ছড়িয়ে ফায়দা হাছিল করার পাঁয়তারা করছে।
জানতে চাইলে সদর উপজেলা নির্বাহী অফিসার এস.এম মুনিম লিংকন জানান, সোমবার নওয়াপাড়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান হুমায়ন কবির তুহিনের সম্পর্কে এমন একটা তথ্য আসে। তখন চেয়ারম্যানকে নির্দেশনা দেয়া হয়েছে। সরকারি নিয়মনীতির বাহিরে তার কিছু করার সুযোগ নেই। তিনি আরো বলেন, সরকারি নিয়ম অনুযায়ী সর্বোচ্চ ১০% কার্ড তালিকা হতে মৃত বা বিবাহ হওয়ায় বাদ দিতে পারবেন। এলাকার কিছু মানুষ তার দপ্তরে এসেছিলেন। তাদেরকে চেয়ারম্যানের কাছে পাঠিয়ে দিলে অনেকের বিষয়ে সমাধান হয়েছে বলে তিনি জানিয়েছেন।