মণিরামপুর প্রতিনিধি: নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, নৌ-পথ ও নদীগুলো সচল রাখতে সরকার কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে চলেছে। নদীর নাব্যতা ধরে রাখতে না পারলে বাংলাদেশও শুকিয়ে যেতে পারে। একজন মানুষের রক্ত যেমন শিরা দিয়ে প্রবাহিত হয়ে মানুষকে সতেজ রাখে, তেমনি নদীর গতিপথ সচল না রাখলে তা একসময় শুকিয়ে যাবে।
এ জন্য নদী প্রবাহ ও নদীর গতিপথ ঠিক রাখতে হবে। নদীকে যেন ক্ষতিগ্রস্ত না করতে পারে, নদীকে দখল, দূষণ না করতে পারে সেজন্য বর্তমান সরকার পদক্ষেপ গ্রহণ করছে। এসব কার্যক্রমে গণমাধ্যমকর্মীরা আমাদেরকে নিরবচ্ছিন্নভাবে সহায়তা করছেন।
এ সহায়তার কারণে বাংলাদেশের প্রায় ১৭ কোটি মানুষ নদীর পাশে আছে। যেখানে নদী-নালা, খাল-বিল আছে সেখানে মানুষ দাঁড়াচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নদীকে ঘিরে এর থেকে বড় সাফল্য আর কিছুতে হতে পারে না। বুধবার দুপুরে বিআইডব্লিউটিএ’র মণিরামপুর ডিজিপিএস বিকন স্টেশনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান গোলাম সাদেকের সভাপতিত্বে প্রতিমন্ত্রী আরও বলেন, দেশরত্ন শেখ হাসিনা ১০ হাজার কিলোমিটার নদীপথ সচল ও ৪১টি নদী বন্দর উন্নয়নে ব্যাপক পদক্ষেপ নিয়েছে। এরই মাধ্যমে ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ গড়তে নৌপরিবহন মন্ত্রণালয় অন্যতম সহযোগী হতে কাজ করে চলেছে। হাইড্রোগ্রাফির অনুমোদন ছাড়া কোন নদীর উপর ব্রিজ নির্মাণ হবে না।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আব্দুল মজিদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদুল হাসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম, ইউএনও কবীর হোসেন পলাশ, অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, বিআইডব্লিউটিএ’র পরিচালক শামছুন্নাহার, স্টেশনের নির্বাহী প্রকৌশলী তারিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আমজাদ হোসেন লাভলু, ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, আওয়ামী লীগ নেতা মিকাইল হোসেন প্রমুখ।