ঢাকা অফিস
ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেছেন, বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র কোনো পক্ষ নেবে না। জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে, যুক্তরাষ্ট্র সেই সরকারের সঙ্গেই কাজ করবে।
বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রদূত বলেন, “১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে আমি খুবই আগ্রহী। আমি এই নির্বাচনের অপেক্ষায় আছি এবং এর ফলাফল দেখার জন্য মুখিয়ে আছি।”
তিনি আরও বলেন, “যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশের নির্বাচনে কোনো পক্ষ নেয় না। নির্বাচনের ফলাফল নির্ধারণ করার অধিকার একমাত্র বাংলাদেশের জনগণের। বাংলাদেশের জনগণ যাকে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করবে, আমরা সেই সরকারের সঙ্গেই কাজ করতে প্রস্তুত।”
ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, গত সপ্তাহে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় তিনি আশাবাদ ব্যক্ত করেছেন যে, নির্বাচন দিবসটি একটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। এ প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেন, “আমিও আশা করি এটি একটি আনন্দময় ও উৎসবপূর্ণ নির্বাচন হবে, যেখানে বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে গিয়ে তাদের মতামত প্রকাশ করতে পারবেন এবং একটি সফল নির্বাচন সম্পন্ন হবে।”
তিনি জানান, প্রধান নির্বাচন কমিশনার যে তথ্যগুলো তার সঙ্গে শেয়ার করেছেন, সেগুলো নিয়ে তিনি সন্তুষ্ট। “আপনাদের সবার মতো আমিও ফেব্রুয়ারির ১২ তারিখের ফলাফলের অপেক্ষায় আছি,” যোগ করেন তিনি।
এর আগে বেলা ১২টার দিকে সিইসির দপ্তরে বৈঠক শুরু হয়। বৈঠকে নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন। রাষ্ট্রদূতের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা ডেভিড মু ও ফিরোজ আহমেদও বৈঠকে অংশ নেন।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি দেশে একযোগে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
