লগি-বৈঠা নিয়ে মিছিল, পুলিশের গাড়ি ও যানবাহনে আগুন; ফরিদপুরে বাসচালকের মৃত্যু, পদ্মা সেতুতে যান চলাচল বন্ধ
নিজস্ব প্রতিবেদক
দেশজুড়ে নিষিদ্ধ ছাত্রলীগের ঘোষিত ছাত্রধর্মঘট ও অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে সহিংসতা, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও সড়ক অবরোধের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে দেশের বিভিন্ন এলাকা। সোমবার রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত গোপালগঞ্জ, শরীয়তপুর, ফরিদপুর, গাজীপুর, মানিকগঞ্জ, বগুড়া ও চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটে। কোথাও লগি-বৈঠা নিয়ে মিছিল ও পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া, কোথাও মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ, আবার কোথাও বাস, কাভার্ডভ্যান ও অন্যান্য যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ফরিদপুরে বাসে অগ্নিসংযোগের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে প্রাণ হারিয়েছেন ঘুমন্ত চালক কালাচাঁন (৬০)। অন্যদিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিক্ষোভকারীদের দেওয়া আগুনে পুড়েছে পুলিশের গাড়ি।
সবচেয়ে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে লগি-বৈঠা নিয়ে বিপুলসংখ্যক নেতা-কর্মী টুঙ্গিপাড়া মোড়ে জড়ো হন। তাঁদের সঙ্গে আওয়ামী লীগ, যুবলীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও যোগ দেন। এ সময় টায়ারে আগুন দিয়ে বিক্ষোভ ও মিছিল করা হয়। পুলিশ বাধা দিতে গেলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। একপর্যায়ে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে গোপালগঞ্জ থেকে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পাঠানো হয়। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।
এদিকে পদ্মা সেতুর শরীয়তপুরের জাজিরা প্রান্তের টোল প্লাজার সামনে গভীর রাতে লগি-বৈঠা হাতে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ করে বিক্ষোভ করেন আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। রাত দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত চলা এ ঘটনায় ককটেল বিস্ফোরণ ও ট্রাক ভাঙচুরের অভিযোগ উঠেছে। প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় পদ্মা সেতুসহ আশপাশের এলাকায় কয়েক শ যানবাহন আটকা পড়ে। পরে পুলিশ ও হাইওয়ে পুলিশের সদস্যরা বিক্ষোভকারীদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে যানবাহনে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। ফরিদপুরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাসে দুর্বৃত্তরা আগুন দিলে ভেতরে ঘুমিয়ে থাকা চালক কালাচাঁন ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। গাজীপুরের কালিয়াকৈরে দুটি যাত্রীবাহী বাস ও একটি কাভার্ডভ্যান, মানিকগঞ্জে একটি বাস এবং বগুড়ার শেরপুরে একটি প্যাডেলচালিত ভ্যানে আগুন দেওয়া হয়।
চট্টগ্রামের আনোয়ারায় মঙ্গলবার ভোরে পিএবি সড়কের শোলকাটা এলাকায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা করেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। তাঁদের মাথায় হেলমেট ও মুখে মুখোশ ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তাঁরা সরে যান।
এ ছাড়া গোপালগঞ্জের বিভিন্ন স্থানে সোমবার রাতে ককটেল বিস্ফোরণ ও সড়ক অবরোধের ঘটনা ঘটে। শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি স্থাপনার সামনে ককটেল বিস্ফোরণে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কোটালীপাড়ায় মশাল মিছিল ও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এসব ঘটনায় পুলিশ আটজনকে গ্রেপ্তার, সাতটি মোটরসাইকেল জব্দ এবং ১৫টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে বলে জানিয়েছেন গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ।
অন্যদিকে মানিকগঞ্জ শহর ও আশপাশের পাঁচটি স্থানে নয়টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। খাগড়াছড়ির গুইমারায় বিএনপির একটি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ছয় নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। রাজধানীর লালবাগে অভিযান চালিয়ে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকেও গ্রেপ্তার করেছে পুলিশ।
বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান ও তদন্ত শুরু করেছে। তবে ধারাবাহিক এসব নাশকতা ও অগ্নিসংযোগের ঘটনায় জননিরাপত্তা, মহাসড়কে যান চলাচল এবং সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
