ঝিনাইদহ প্রতিনিধি
রোহান আগরওয়াল। ভারতের মাহরাষ্ট্রের নাগপুর এলাকার কামটি গ্রামের ২১ বছরের টগবগে যুবক। জরুরি একটি বার্তা বিশ্বময় ছড়িয়ে দিতে তিনি বের হয়েছেন বিশ্ব ভ্রমণে। বার্তাটি হচ্ছে পলিথিন আর প্লাস্টিকের ভয়াবহ অপব্যবহার।
মানুষ যখন নিজের ভালোমন্দ ও স্বার্থ নিয়ে ব্যস্ত তখন এই বয়সে রোহানের দুঃশ্চিন্তার ও মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে পলিথিন আর প্লাস্টিক। বিপন্ন পৃথিবী বসবাসের যোগ্য ও পলিথিনমুক্ত করার বার্তা ছড়িয়ে দিতে পায়ে হেঁটে বিশ্বভ্রমণ করছেন রোহান আগরওয়াল। পায়ে হেঁটে ভারতের ২৭টি রাজ্য ভ্রমণ শেষে তিনি বাংলাদেশে ঢুকে পড়েছেন। বুধবার চুয়াডাঙ্গায় রাত যাপন করে তিনি বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ঝিনাইদহে প্রবেশ করেন। রোহানকে ঝিনাইদহ স্বাগত জানান সোসাল ওয়ার্কার জান্নাতুল ফেরদৌস সাদিয়া। এ সময় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল ইমরান, শিক্ষার্থী মাহিম, রোহান, কল্লোল, ফাহিম, মর্তুজাসহ এক ঝাক যুবক তাকে স্বাগত জানিয়ে তার প্রচার ও জনমত সৃষ্টির কাজে অংশ নেন। বিকেলে তিনি ঝিনাইদহ জেলা প্রশাসক মনিরা বেগম, জেলা পরিষদ চেয়ারম্যান ড. হারুন অর রশিদ, ঝিনাইদহ পৌরসভার মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল ও রাতে ঝিনাইদহ চেম্বারের সভাপতি সৈয়দ নাসির উদ্দীনের সঙ্গে দেখা করেন। রাতে রোহান আগরওয়াল ঝিনাইদহের বহুল প্রচারিত দৈনিক নবচিত্র পত্রিকার বার্তা সম্পাদক আসিফ কাজলের সঙ্গে নবচিত্র কার্যালয়ে সৌজন্য স্বাক্ষাত করেন। রোহান বাংলাদেশ ভ্রমণ শেষে নেপাল হয়ে পর্যায়ক্রমে সাইবেরিয়া পর্যন্ত ভ্রমণ করবেন বলে জানান।
