কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রায় সাড়ে ১৭ কোটি বকেয়া টাকা পাচ্ছেন না মোচিকের অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীরা। ২০১৮ সাল থেকে মোবারকগঞ্জ সুগার মিল কর্তৃপক্ষ মিলের ২২০ জন শ্রমিক-কর্মচারীর অবসরোত্তর গ্র্যাচুয়েটির টাকা প্রদান বন্ধ রেখেছে। এতে ফুঁসে উঠেছেন শ্রমিকরা। শ্রমিকদের দাবি ঈদের আগেই তাদের টাকা পরিশোধ করা হোক। এ দাবি বাস্তবায়নে বুধবার সকালে কালীগঞ্জ মোবারকগঞ্জ সুগার মিলের গেটে ব্যানার-ফেস্টুন নিয়ে মানববন্ধন ও সড়ক অবরোধ করেন তারা।
মোবারকগঞ্জ সুগার মিলের অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী ও কল্যাণ সমিতির আয়োজনে মানববন্ধনে সংগঠনটির শতশত শ্রমিক কর্মচারীরা অংশ নেন। এ সময় বক্তব্য রাখেন, সংগঠনটির সভাপতি আতিয়ার রহমান, যুগ্ম সম্পাদক সোহেল আহম্মেদ ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের বর্তমান সভাপতি গোলাম রসুল প্রমুখ ।
বক্তারা বলেন, প্রায় ৫ বছর ধরে মিলের অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারীরা অবসরোত্তর গ্র্যাচুয়েটির টাকা পাচ্ছেনা। এতে চরম বিপাকে পড়ে ২২০ জন অবসরপ্রাপ্ত শ্রমিকের পরিবার মানবেতর জীবন যাপন করছেন। আসন্ন ঈদের আগেই পাওনা ১৭ কোটি ৩২ লাখ টাকা পরিশোধ করতে হবে। অন্যথায় তারা ঈদ পরবর্তী কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। পরে বিক্ষোভকারীরা প্রায় ১০ মিনিট ঝিনাইদহ- যশোর মহাসড়কে বসে সড়ক অবরোধ করেন।
