ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলার জন্য পাকিস্তান সফরে গিয়েই বিপাকে পড়েছে ক্যারিবীয়রা । নিয়মিত টেস্টে করোনা পজেটিভ ধরা পড়েছে দেশটির তিনজন ক্রিকেটারের। এই তিন ক্রিকেটার ছাড়াও এক স্টাফও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।করোনায় আক্রান্তরা হলেন- বাঁহাতি পেসার শেলডন কটরেল, অলরাউন্ডার রোস্টন চেস, ব্যাটার কাইল মেয়ার্স এবং টিম ম্যানেজমেন্টের একজন নন-কোচিং সদস্য। বর্তমানে তারা আইসোলেশনে আছেন। ১০ দিন পিসিআর টেস্টে নেগেটিভ ফল আসা সাপেক্ষে দলের সঙ্গে যোগ দিতে পারবেন তারা।
পাকিস্তান সফরে এমনিতেই পূর্ণ শক্তির দল পায়নি ওয়েস্ট ইন্ডিজ। ব্যক্তিগত কারণে আগেই এই সফর থেকে নিজেদের সরিয়ে নেন অলরাউন্ডার আন্দ্রে রাসেল, ব্যাটসম্যান এভিন লুইস, লেন্ডল সিমন্স ও শিমরন হেটমায়ার। অভিজ্ঞ অলরাউন্ডার জেসন হোল্ডারকে বিশ্রাম দেওয়া হয়েছে। চোট থেকে সেরে না ওঠায় অধিনায়ক কাইরন পোলার্ড আছে দলের বাইরে। এর উপর তিনজন করোনায় আক্রান্ত হলেন।
এমনিতেই পাকিস্তান সফরে আসেনি পোলার্ড, রাসেলরা। এরই মধ্যে কটরেল, চেজ ও মেয়ার্সের ছিটকে যাওয়া নিঃসন্দেহে ক্যারিবীয়দের জন্য বড় ধাক্কার। তবে সেসব ফেলে কোয়ারেন্টিন পর্ব শেষে করাচিতে অনুশীলনে যোগ দেওয়ার কথা রয়েছে বাকি ক্রিকেটারদের।
ক্যারিবীয়দের পাকিস্তান সফরের মিশন শুরু হবে ১৩ ডিসেম্বর। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়েই শুরু দুই দলের লড়াইটা। ১৬ ডিসেম্বর টি-টোয়েন্টি সিরিজ শেষে হলেই একদিন বিরতি দিয়ে ১৮ ডিসেম্বর শুরু হবে সিরিজের প্রথম ওয়ানডে এবং শেষ ম্যাচটি হবে ২২ ডিসেম্বর। সিরিজের সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে করাচিতে।