আন্তর্জাতিক ডেস্ক
২০১৯ সালে গত হয়েছে বিশ্বখ্যাত ফ্যাশন ডিজাইনার কার্ল ল্যাজারফেল্ড। এখনো তাকে স্মরণ করেন এবং শ্রদ্ধার আসনে বসিয়ে রেখেছেন বিশ্বের তা-বড় তা-বড় ফ্যাশন আইকনরা। চলতি বছরের মেট গালায় তারই প্রমাণ মিলল আবারও।
এ বছরের মেট গালার থিম হচ্ছে জার্মান ফ্যাশন ডিজাইনার কার্ল ল্যাজারফেল্ডের কাজ। মেট গালায় অদ্ভুত অদ্ভুত সব পোশাক পরে সাধারণত হাজির হন তারকারা। এবার কার্লকে শ্রদ্ধা জানাতে তার প্রিয় বিড়াল ‘শুপেত’-এর সাজে মঞ্চে উঠেছিলেন অনেক তারকা। তাদের মধ্যে অভিনেতা জ্যারেড লেটো ও সংগীতশিল্পী দোজা ক্যাট অন্যতম।
দোজা ক্যাট একটি মাথা ঢাকা বিড়ালের কানওয়ালা সাদা গাউন পরেছিলেন এবং মুখে করেছিলেন প্রস্থেটিক মেকআপ। সাক্ষাৎকার নিতে গেলে তিনি কেবল একটি শব্দই উচ্চারণ করেছিলেন, তা হলো ‘মিয়াউ’।
আর জ্যারেড লেটো তো পুরো এক বিশাল তুলতুলে বিড়াল সেজে এসেছিলেন যেন। নীল চোখ আর সাদা লোমে ঢাকা পোশাকটি শুপেতকেই মনে করিয়ে দিয়েছে বারবার।
যদিও শুপেত নামে ল্যাজারফেল্ডের ওই প্রিয় বিড়ালটি সশরীরে উপস্থিত ছিল না মেট গালায়। তবে অংশগ্রহণকারীদের প্রত্যেকের মনের মধ্যে তার উপস্থিতি ছিল শক্তভাবে।
শুপেতের এজেন্ট জানিয়েছেন, অনেকেই মেট গালায় শুপেতের উপস্থিতি আশা করেছিলেন। কিন্তু লাইট, হই-হুল্লোড় আর আলোচনায় থাকার চেয়ে ঘরের শান্ত, নির্জন কোণই শুপেতের কাছে এখন বেশি আকাঙ্ক্ষিত।
বলে রাখা ভালো, শুপেত নিজেই কিন্তু এক তারকা বিড়াল। মডেলিং করে বছরে দুই মিলিয়ন পাউন্ড কামাইয়ের রেকর্ড রয়েছে তার। শুপেতের নামে টুইটার ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও রয়েছে।
সম্প্রতি শুপেতের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করা হয়েছে। সেখানে লেখা আছে, ‘বাবাকে শ্রদ্ধা নিবেদন করি প্রতিদিন। তার পরও বাবার জন্য মেট গালায় আরেকটি দিন উৎসর্গ করা হয়েছে দেখে আমরা সত্যিই ভীষণ আপ্লুত।’
সূত্র : সিএনএন
