যশোরে একসঙ্গে উন্মোচন হলো ৯ মডেলের বাইক, চীনা প্রতিষ্ঠানের সঙ্গে রিপন অটোসের ব্যবসায়িক চুক্তি
নিজস্ব প্রতিবেদক
শীতের স্নিগ্ধ বিকেল। চারপাশে সবুজের সমারোহ, প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্য আর বর্ণিল আলোকসজ্জায় সাজানো মনোরম আয়োজনস্থল। আলো-আঁধারির নান্দনিক মেলবন্ধন, আতশবাজির ঝলকানি এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। এমনই এক ব্যতিক্রমী ও দৃষ্টিনন্দন পরিবেশে যশোরে অনুষ্ঠিত হলো বিশ্বখ্যাত সানরা ইলেকট্রিক বাইকের জমকালো গ্র্যান্ড ওপেনিং।
যশোর সদর উপজেলার কচুয়া রায়মানিক গ্রামের রিপন অটোস ফার্ম হাউসে আয়োজিত এ অনুষ্ঠানে আধুনিক প্রযুক্তি, ব্যবসায়িক সম্ভাবনা ও প্রকৃতির সৌন্দর্য যেন এক সুতোয় গাঁথা হয়ে ওঠে। ‘জ্বালানি সাশ্রয়, পরিবেশবান্ধব, স্মার্ট গতিশীলতা—এক উজ্জ্বল ভবিষ্যৎ’ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশের বাজারে নতুন উদ্যমে যাত্রা শুরু করল আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই ইলেকট্রিক বাইক ব্র্যান্ড।
বাংলাদেশে সানরার একমাত্র অনুমোদিত পরিবেশক রিপন অটোস (প্রা.) লিমিটেডের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ব্যবসায়ী, ডিলার, বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপক, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন। পুরো আয়োজন পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রিপন অটোস ও সানরার পরিচালক মো. আইয়াজ উদ্দিন রিপন। তিনি বলেন, মানসম্মত পণ্য, আধুনিক প্রযুক্তি এবং গ্রাহকসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছে রিপন অটোস। অন্যদিকে সানরা আন্তর্জাতিক বাজারে গুণগত মান, আধুনিক ডিজাইন ও উন্নত ফিনিশিংয়ের জন্য পরিচিত। দুই প্রতিষ্ঠানের লক্ষ্য ও কাজের দর্শনে মিল থাকায় এই ব্যবসায়িক অংশীদারত্ব গড়ে উঠেছে।
তিনি আরও বলেন, বাংলাদেশের বাজারে সানরার মোটরবাইকের নয়টি মডেল নিয়ে কাজ করার পরিকল্পনা রয়েছে। ডিজাইন, রং, প্রযুক্তি ও মডেলের বৈচিত্র্য ক্রেতাদের কাছে নতুন আকর্ষণ তৈরি করবে বলে তারা আশাবাদী। গ্রাহকদের চাহিদা অনুযায়ী মানসম্মত বাইক সরবরাহের পাশাপাশি ব্যাটারি ও প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশের সহজলভ্যতা নিশ্চিত করতেও কাজ করবে রিপন অটোস। ক্রেতাদের আস্থা অর্জনে বিভিন্ন মডেলে ১৮ মাসসহ নির্ধারিত মেয়াদের ওয়ারেন্টি সুবিধা দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।
সানরার প্রযুক্তিগত বৈচিত্র্য তুলে ধরে আইয়াজ উদ্দিন রিপন বলেন, প্রতিষ্ঠানটি গ্রাফিন, সোডিয়াম ও লিথিয়াম—এই তিন ধরনের ব্যাটারি প্রযুক্তি ব্যবহার করে ইলেকট্রিক বাইক তৈরি করছে। ফলে গ্রাহকদের প্রয়োজন, পছন্দ ও ব্যবহার উপযোগিতা বিবেচনায় বিভিন্ন ধরনের মডেল বেছে নেওয়ার সুযোগ তৈরি হবে। তিনি আশা প্রকাশ করেন, পরিবেশবান্ধব এই বাহন দেশের পরিবহন খাতে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম-উদ-দ্দৌলা এবং প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন।
বক্তারা বলেন, বর্তমান বিশ্বে জ্বালানি সাশ্রয় ও পরিবেশ সুরক্ষার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। প্রচলিত জ্বালানিনির্ভর যানবাহনের পাশাপাশি বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার বাড়ানো সময়ের দাবি। এ ধরনের উদ্যোগ পরিবেশবান্ধব যোগাযোগব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি দেশের ব্যবসা-বাণিজ্য ও প্রযুক্তিনির্ভর পরিবহন খাতেও ইতিবাচক ভূমিকা রাখতে পারে। যশোরে আন্তর্জাতিক ব্র্যান্ডের এমন উদ্যোগ স্থানীয় ব্যবসায়িক সম্ভাবনাকে আরও সম্প্রসারিত করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল সানরার নয়টি মডেলের ইলেকট্রিক বাইকের আনুষ্ঠানিক উন্মোচন। অতিথিরা ৯টি মডেলের বাইক উন্মোচন ও আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে মডেলগুলোর গ্র্যান্ড ওপেনিং করেন। এ সময় উপস্থিত ছিলেন চীনের জিয়াংসু শিনরি ই-ভেহিকল কোম্পানি লিমিটেডের উপমহাব্যবস্থাপক ফ্রাঙ্ক ফ্যাং।

এ উপলক্ষে সানরা ও রিপন অটোসের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক চুক্তি স্বাক্ষরিত হয়। চীনের জিয়াংসু শিনরি ই-ভেহিকল কোম্পানি লিমিটেডের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির উপমহাব্যবস্থাপক ফ্রাঙ্ক ফ্যাং এবং রিপন অটোস (প্রা.) লিমিটেডের পক্ষে স্বাক্ষর করেন ব্যবস্থাপনা পরিচালক আইয়াজ উদ্দিন রিপন। এ চুক্তির মধ্য দিয়ে বাংলাদেশে সানরার ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণ এবং গ্রাহকদের কাছে আধুনিক ইলেকট্রিক বাইক পৌঁছে দেওয়ার ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি হলো।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রিপন অটোস (প্রা.) লিমিটেডের চেয়ারম্যান এজাজ উদ্দিন টিপু, ভাইস চেয়ারম্যান আহাদ হোসেন ও পরিচালক আসাদুজ্জামানসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। দেশের বিভিন্ন জেলা থেকে আসা সানরার ডিলার, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী এবং বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপকরাও অনুষ্ঠানে অংশ নেন।
গ্র্যান্ড ওপেনিংকে ঘিরে পুরো ফার্ম হাউস সাজানো হয়েছিল দৃষ্টিনন্দন সাজে। সন্ধ্যা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বর্ণিল আলোকসজ্জায় বদলে যায় আয়োজনস্থলের রূপ। সবুজ প্রকৃতির বুকজুড়ে ছড়িয়ে পড়ে রঙিন আলোর ঝলকানি। অতিথিদের উপস্থিতি, নতুন মডেলের বাইক ঘিরে আগ্রহ এবং আনন্দঘন পরিবেশে তৈরি হয় উৎসবমুখর আবহ। উদ্বোধনী আয়োজনের বিশেষ মুহূর্তে আতশবাজির ঝলমলে আলোয় আলোকিত হয়ে ওঠে রাতের আকাশ। এরপর শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সংগীত ও আনন্দঘন পরিবেশনায় অতিথিরা উপভোগ করেন এক ব্যতিক্রমী সন্ধ্যা।
প্রকৃতির নৈসর্গিক পরিবেশে এমন ব্যতিক্রমী আয়োজন শুধু একটি পণ্যের উদ্বোধনেই সীমাবদ্ধ থাকেনি; বরং এটি হয়ে উঠেছে প্রযুক্তি, পরিবেশ সচেতনতা ও ব্যবসায়িক সম্ভাবনার সম্মিলিত আয়োজন। অনুষ্ঠানের শেষ পর্বে অতিথিদের জন্য নৈশভোজের আয়োজন করা হয়। রাতের খাবার শেষে দেশের বিভিন্ন স্থান থেকে আসা অতিথি, ডিলার ও ব্যবসায়ীরা নিজ নিজ গন্তব্যে ফিরে যান।
জ্বালানির বিকল্প উৎসের সন্ধান, পরিবেশদূষণ কমানো এবং আধুনিক যোগাযোগব্যবস্থার বিকাশের প্রেক্ষাপটে সানরার এই নতুন যাত্রা যশোরের মাটিতে প্রকৃতির অপার সৌন্দর্যের মধ্যে আয়োজিত এই জমকালো গ্র্যান্ড ওপেনিং স্থানীয় ব্যবসা-বাণিজ্যে নতুন উদ্দীপনা এবং পরিবেশবান্ধব পরিবহন খাতে নতুন সম্ভাবনার বার্তা দিয়ে গেল।
