নিজস্ব প্রতিবেদক
বিজিবিতে চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণার মাধ্যমে সাড়ে ৫ লাখ টাকা নিয়ে আত্মসাতের অভিযোগে নারীসহ ৩ জনের বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় মামলা হয়েছে। গত শনিবার রাতে মামলাটি করেছেন যশোরের উপশহর এ-ব্লক এলাকার তরিকুল ইসলামের ছেলে পারভেজ হোসেন।
আসামিরা হলেন, নড়াইলের লোহাগড়া উপজেলার চরকোটাখোল গ্রামের সৈয়দ রমজান আলীর মেয়ে রুনা লাইলা, সুনামগঞ্জের দোয়ারা উপজেলার তেরাখুরি গ্রামের মুনছুর আলীর ছেলে আব্দুর রহিম ও সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর পশ্চিম পাড়ার নুরুদ্দিনের ছেলে মনজুর আহমেদ।
পারভেজ হোসেনের অভিযোগ, তিনি যশোর সরকারি সিটি কলেজের অনার্স শেষ বর্ষের ছাত্র। পূর্ব পরিচয়ের সূত্র ধরে আসামিরা তাকে বিজিবিতে চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখান। তিনি তাদের প্রস্তাবে রাজি হলে তারা তার কাছে সাড়ে ৫ লাখ টাকা দাবি করেন। চাকরি পাবার আশায় তিনি তাদের দাবি মোতাবেক ২০২০ সালের ২২ নভেম্বর সাড়ে ৫ লাখ টাকা প্রদান করেন। কথা ছিলো ২০২১ সালের ১ জুনের মধ্যে তারা পারভেজ হোসেনকে বিজিবিতে চাকরি পাইয়ে দিবেন। কিন্তু নির্ধারিত তারিখের মধ্যে চাকরি পাইয়ে দিতে ব্যর্থ হওয়ায় পারভেজ হোসেন তাদের কাছে টাকা ফেরত চান। কিন্তু তারা তাকে টাকা ফেরত না দিয়ে নানাভাবে ঘোরাতে থাকেন। সর্বশেষ গত ২৫ আগস্ট সকালে নিজ বাড়িতে ডেকে এনে তাদের কাছে টাকা ফেরত চান পারভেজ হোসেন। কিন্তু তারা টাকা ফেরত দিতে পারবেন না বলে জানিয়ে সেখান থেকে চলে যান।
