নিজস্ব প্রতিবেদক
যশোরে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন এবং জাতীয় প্রতিবিন্ধী উন্নয়ন ফাউন্ডেশন আইন-২৩ অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত কর্মশলার আয়োজন করে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন। সার্বিক সহযোগিতা করেছে সাইটসেভার্স।
জেলা প্রশাসকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক বিজয় কৃষ্ণ দেবনাথ বলেন, বর্তমানে দেশব্যাপী ৩৫ লাখের বেশি প্রতিবন্ধী ব্যক্তি রয়েছেন। কিন্তু তাদের জন্য প্রয়োজনীয় সেবা এখনো দোরগোড়ায় পৌছে দিতে পারিনি। তবে আমাদের চেষ্টা চলমান রয়েছে। দ্রুতই দেশের সকল উপজেলায় প্রতিবন্ধী ব্যক্তির জন্য প্রয়োজনীয় সেবা আমরা পৌছে দিতে পারবো।
তিনি বলেন, বর্তমানে দেশে ১২৪ টি বিশেষায়িত স্কুল ও ১০৩ টি সেবা কেদ্র রয়েছে। এছাড়াও দেশব্যাপী ৬১টি প্রতিবন্ধী সেবা ভ্যান আছে। আমরা চেষ্টা করছি দ্রুত এই সংখ্যা কিভাবে দুই থেকে তিনগুণ বাড়ানো যায়। এসময় তিনি শঙ্কা প্রকাশ করে বলেন, দেশে যেমন প্রতিবন্ধী ব্যক্তির সংখ্যা অনেক; তেমনি তাদেরকে নিয়ে ব্যবসা করার মানুষেরও সংখ্যা অনেক। ২০১৯ সালে প্রতিবন্ধী স্কুল অনুমোদনের জন্য ১ হাজার ৬৯৭টি আবেদন পড়েছে। আমরা ৩শ’র অধিক প্রতিষ্ঠান পরিদর্শন করেছি, আমাদের অভিজ্ঞতা ভয়াবহ। পাশাপাশি প্রতিবন্ধী না হয়েও সনদ তুলে সরকারি সুবিধা গ্রহণ করা মানুষের সংখ্যাও কম না। ফলে প্রকৃত সুবিধাভোগীরা বঞ্চিত হচ্ছেন। এই বিষয় গুলো নিয়েও জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন কাজ করছে বলে জানান তিনি।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের পরিচালক (প্রশাসন ও অর্থ) আজমুল হক, অতিরিক্ত বিভাগীয় কমিশনার খুলনা হুসাইন শওকত, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আছাদুজ্জামান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম শাহীন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রেখা খাতুন, সদর উপজেলা পরিষদের প্রশাসক শারমিন আক্তার প্রমুখ। প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন এবং জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন আইন-২৩ প্রেজেন্টেশন উপস্থাপন করেন ডা. নাফিসুর রহমান ও ডা. রেজাউল কবীর।
