নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ আসরে দ্বিতীয় বিভাগ টায়ার-১ ক্রিকেট লিগ থেকে প্রথম বিভাগে খেলার যোগ্যতা অর্জন করে শতদল। আর প্রথম বিভাগের প্রথম ম্যাচেই চমক সৃষ্টি করেছে দলটি। সর্বশেষ মৌসুমে প্রিমিয়ার ডিভিশনে খেলা ইয়াং প্যাগাসাসকে পরাজয়ের স্বাদ দিয়েছে দলটি।
মঙ্গলবার শামস্-উল-হুদা স্টেডিয়ামে ব্যাটারদের গড়ে দেয়া ভিতের উপর দাঁড়িয়ে বোলারদের খুব বেশি বেগ পেতে হয়নি। ইয়াং প্যাগাসাসকে ১২৮ রানে গুটিয়ে ৯৫ রানের বড় জয় তুলে নেয় শতদল।
ইয়াং প্যাগাসাস টসে জিতে শতদলকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। শতদল প্রথমে ব্যাট করে নির্ধারিত ৪০ ওভারের শেষ বলে অল আউট হওয়ার ২২৩ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায়। ব্যাট হাতে দলের ওপেনার জাভেদ ৬১ রান করেন। ৬৮ বলে ফিফটি করা জাভেদ শেষ পর্যন্ত ৮১ বল খেলে মারেন ৮টি চার ও ১টি ছয়। এর পাশে অধিনায়ক হিমেল ৪০ বলে ৩টি চার ও ৪টি ছয়ে ৪৭, মৌমেন ২৬ বলে ৪টি চারে ২৬, সঞ্জয় ১২ বলে ২টি চার ও ১টি ছয়ে ২১ রান করেন। বল হাতে ইয়াং প্যাগাসাসের আবু বক্কার ৩১রানে ৪টি, নাবিল আহমেদ ও রিয়াদ শরীফ ২টি করে উইকেট দখল করেন।
জবাবে ব্যাট করতে নেমে ২৬ ওভার ৫ বলে ১২৮ রান করতে পারে ইয়াং প্যাগাসাস। ব্যাট হাতে ওহিদুল ইসলাম ৫১ বলে ৭টি চারে অপরাজিত ৪৫ রান করেন। এর পাশে স¤্রাট হোসেন (১০) ছাড়া আর কেউ দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পারেননি। শতদলের শামীম ১৮ রানে ৩টি, ফয়সল ও মৌমেন ২টি করে উইকেট দখল করেন।
