নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স ও স্কোরার্স অ্যাসোসিয়েশন যশোর শাখার আয়োজনে ক্লেমন টি-২০ একাডেমি কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নিয়েছে উপশহর ক্রিকেট একাডেমি ও ক্লেমন আছিয়া ক্রিকেট ইন্সটিটিউট। মঙ্গলবার শামস্-উল-হুদা স্টেডিয়ামে দিনের প্রথম সেমিফাইনালে উপশহর ক্রিকেট একাডেমি দুই রানে যশোর ক্রিকেট কোচিং সেন্টারকে ও দ্বিতীয় সেমিফাইনালে ক্লেমন আছিয়া ক্রিকেট ইন্সটিটিউট ৮ উইকেটে ঝিকরগাছা ক্রিকেট একাডেমিকে পরাজিত করে ফাইনালে জায়গা করে নেয়। আজ দুপুর দুইটায় একই মাঠে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল। ফাইনাল ম্যাচ দৈনিক কল্যানের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হবে।
আগের দিনের বৃষ্টিতে মাঠ ভেজা থাকায় তিন ঘণ্টা দেরিতে শুরু হয় প্রথম সেমিফাইনালে। ১২ ওভারে নেমে আসা ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় উপশহরের অধিনায়ক প্রান্ত। ব্যাট করতে ৮ রানে তিন উইকেট হারিয়ে ফেলে। তবে মিডল অর্ডার ব্যাটার নিলয়ের অপরাজিত ৪৫ রানের কল্যানে নির্ধারিত ১২ ওভারে ৬ উইকেট হারিয়ে ৯৮ রান করে। নিলয়ের ৩৩ বলের ইনিংসে ছিল ৩টি চার ও দুটি ছয়ের মার। এর বাইরে জুবায়ের ১০ বলে ২টি ছয় ও একটি চারে ১৮ রান করেন। বল হাতে যশোর ক্রিকেট কোচিং সেন্টারের বাঁহাতি স্পিনার মেহেদি হাসান শিবলি ৩ ওভারে ২১ রানে ৩টি, সাকিব ২টি ও আরিফ একটি উইকেট দখল করেন।
জবাবে ব্যাট করতে নেমে দারুন শুরু পায় যশোর ক্রিকেট কোচিং সেন্টারের দুই ওপেনার হিমেল ও সিয়াম। চার ওভার স্থায়ী এ জুটি স্কোর বোর্ডে ৩৬ রান জমা করে। তিন বলের ব্যবধানে দুজন আউট হলে চাপে পড়ে যশোর ক্রিকেট কোচিং সেন্টার। মাঝে দলীয় অধিনায়ক শাহারিয়ার সাকিব ও অভিক ঘোষ বিল্টু চেষ্টা করলেও দলকে জয়ের বন্দরে নিয়ে যেতে পারেনি। শেষ ওভারে ৮ রানের মিলাতে না পেরে দুই রানে হারে যশোর ক্রিকেট কোচিং সেন্টার। হিমেল ১৪ বলে ১৬, সিয়াম ১২ বলে ১৪, শাহারিয়ার সাকিব ২১ ও অভিক ঘোষ বিল্টু ৮ বলে ২টি চার ও একটি ছয়ে ২০ রান করেন।
উপশহর ক্রিকেট একাডেমির পক্ষে রয়েল ও আজমান ২টি করে এবং রাইসুল একটা উইকেট দখল করেন। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন উপশহর ক্রিকেট একাডেমির নিলয়। দিনের অপর ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ১০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৫৩ রান করে ঝিকরগাছা ক্রিকেট একাডেমি। দলের পক্ষে জয় ৮ বলে এক চার ও ছয়ে ১৪ রান করেন। বল হাতে ক্লেমন আছিয়ার অধিনায়ক আশিকুল ইসলাম নিলয় দুই ওভারে ৫ রানে ও সাদমান খান ৮ রানে দুটি করে উইকেট দখল করে।
জবাবে ব্যাট করতে নেমে ৬ ওভার ৫ বলে ২ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ক্লেমন আছিয়া ক্রিকেট ইন্সটিটিউট। ব্যাট হাতে জুনায়েদ ১৮ বলে ১৮, নিলয় ১০ ও হৃদয় মোল্লা ৯ রান করে। ঝিকরগাছা ক্রিকেট একাডেমির আরিস ও জয় একটি করে উইকেট দখল করেন। ম্যাচ সেরা খেলোয়াড় হয়েছেন ক্লেমন আছিয়ার অধিনায়ক আশিকুল ইসলাম নিলয়।
