ক্রীড়া ডেস্ক: কাতার ফুটবল বিশ্বকাপ ২০২২ এর কোনো ম্যাচের টিকিট কাটা না থাকলেও কাতারে ঢুকতে পারবেন অন্যান্য দেশের ফুটবল ভক্তরা। কাতার সরকার ২ ডিসেম্বর শুক্রবার থেকে চালু করতে যাচ্ছে এই সুবিধা। বৃহস্পতিবার দেশটির সংবাদমাধ্যম দ্য পেনিনসুলা এ তথ্য নিশ্চিত করেছে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে খবরে বলা হয়, টিকিটবিহীন কোনো ভক্তের কাছে হায়া কার্ড, বুক করা হোটেল রিজার্ভেশন এবং ৫০০ কাতারি রিয়াল (বাংলাদেশি মুদ্রায় যা ১৩ হাজার ৮৭০ টাকা প্রায়) ফি থাকলেই তিনি কাতারে প্রবেশের অনুমতি পাবেন।
ম্যাচ টিকিটবিহীন ফুটবলপ্রেমীদের প্রবেশের অনুমতির কথা গত মাসেই জানিয়েছিল কাতার কর্তৃপক্ষ। তারা বলেছে, দেশটিতে প্রবেশের ক্ষেত্রে ১২ বছর বা তদূর্ধ্ব শিশুদের জন্য ৫০০ রিয়াল এন্ট্রি ফি দিতে হবে। তবে বয়স ১২ বছরের কম হলে কোনো ফি লাগবে না।
তবে বিশ্বকাপের টিকিট ও ভিসা পেলেই টুর্নামেন্ট চলাকালে কাতারে যাওয়া যাবে না। থাকতে হবে হায়া কার্ডও।
কাতারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জাবর হাম্মাউদ বলেন, আমরা প্রত্যেক ফুটবলপ্রেমীর নিরাপত্তা সুনিশ্চিত করতে বদ্ধপরিকর। সংশ্লিষ্ট সংস্থাগুলো একসঙ্গে কাজ করছে। যাদের কাছে হায়া কার্ড থাকবে, তারা ২৩ জানুয়ারি পর্যন্ত কাতারে থাকতে পারবেন।
আরও পড়ুন: আজ জিতলেই ৩৬ বছরের অপেক্ষার অবসান মরক্কোর