নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের বকচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ঈদগাহ ময়দানের মাঠ একীভূত করে প্রাচীর নির্মাণের দাবি জানিয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী। রোববার সকালে বকচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ঈদগাহ ময়দান মাঠে তিন শতাধিক লোকের উপস্থিতিতে দেড় ঘণ্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে এলাকাবাসী বলেন, এই ঈদগাহ ময়দানে ঈদের দুই নামাজ অনুষ্ঠান হয়। আবার স্কুলের ছেলে-মেয়েরা সমাবেশ ও খেলাধুলা করে। এ মাঠেই বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ভেন্যু। শুধু তাই নয়; স্কুল ছুটি শেষে স্থানীয়রা এখানে খেলাধুলা করেন। তবে বকচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি এলতাজ উদ্দিন রানা ষড়যন্ত্র মেতে উঠেছেন। এই মাঠকে প্রাচীর দিয়ে দু’ভাগে ভাগ করতে চায়। ছেলে-মেয়েদের খেলাধুলার একমাত্র এ মাঠ ধ্বংস হতে দেয়া যাবে না।
তারা আরও জানান, বগচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ ছোট। এ প্রতিষ্ঠানের ২৪০জন শিক্ষার্থী লেখাপড়া করে। কিন্তু স্কুলের জায়গা কম হওয়ায় সমাবেশ ও খেলাধুলা করতে হয় ঈদগাহ মাঠে। ষড়যন্ত্র করে প্রাচীর দিয়ে মাঠকে দুভাগে বিভক্ত করতে চাই স্কুল কমিটির সভাপতি। এ বিষয়ে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা বরাবর মাঠ রক্ষা দাবি জানিয়ে লিখিত আবেদন করা হয়েছে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, সাবেক স্কুল কমিটির সভাপতি ও ঈদগাহ কমিটির সভাপতি শাহাজান মিয়া, সাবেক কাউন্সিলর আজিজুল ইসলাম, স্কুল কমিটির সাবেক সভাপতি সুলতান মাহমুদ পরান, মুরাদ হোসেন, মাস্টার সিরাজুল হক, রবি আহমেদ, শামীম আহমেদ, মিঠু, মিলন, রুহুল আমিন, খোকন, আব্বাস উদ্দিন, কাজী ফয়সাল ইসলাম, মিজানুর রহমান মিঠু, ওহিদুল জামান ও মাসুদ রানা মিলন প্রমুখ।
