বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি
যশোরের বাঘারপাড়ার সাবেক উপজেলা চেয়ারম্যান, মেয়র ও ভাইস চেয়ারম্যানসহ ২১ জন আওয়ামী লীগ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৪০ থেকে ৫০ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধ আইনে মামলা হয়েছে। তরফ মাহমুদপুর গ্রামের মৃত সরোয়ার খানের ছেলে সেলিম খান বাদী হয়ে মঙ্গলবার দিবাগত রাতে মামলাটি করেন।
মামলার বাদী এজাহারে উল্লেখ করেন, ১৬ নভেম্বর রাত আট থেকে সাড়ে আটটার মধ্যে আসামিরা যশোর-নড়াইল সড়কের আকবার আলী দাখিল মাদরাসার সামনে রাস্তার উপর বর্তমান সরকার উৎখাতসহ রাষ্ট্রবিরোধী কার্যকলাপ সংগঠিত করার উদ্দেশ্যে মশাল মিছিলসহ জনসাধারণের চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে। একই সাথে আসামিরা সংঘবদ্ধ হয়ে সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে জনগণের মাঝে ভীতি সৃষ্টির উদ্দেশ্যে চলন্ত গাড়িতে ইট পাটকেল নিক্ষেপ করে।
মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন, সাবেক এমপি পুত্র বাঘারপাড়া উপজেলা যুবলীগের আহ্বায়ক রাজিব কুমার রায়, সাবেক উপজেলা চেয়ারম্যান আশরাফুল কবির বিপুল ফারাজী, সাবেক মেয়র কামরুজ্জামান বাচ্চু, সাবেক যুবলীগ নেতা কামরুজ্জামান লিটন, ছাত্রলীগ সভাপতি বায়জীদ হোসেন, সাজ্জাদ হোসেন, সাবেক ভাইস চেয়ারম্যান এনায়েত হোসেন লিটন, ইউপি সদস্য শেখ সাদেকুর রহমান।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফকির তাইজুর রহমান জানান, সন্ত্রাস বিরোধী আইনে ২১ জনের নামে থানায় মামলা হয়েছে। এ মামলায় ক্ষেত্রপালা গ্রামের সেলিম রেজাকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।
