নিজস্ব প্রতিবেদক
বিএনপি ক্ষমতায় এলে দেশের শিক্ষাব্যবস্থায় বিস্তৃত সংস্কার কার্যক্রম নেওয়া হবে এবং ভোকেশনাল-কারিগরি শিক্ষার মানোন্নয়নে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হবে বলে মন্তব্য করেছেন দলের জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) ও যশোর–৩ আসনের ধানের শীষ প্রতীকধারী প্রার্থী আলহাজ্ব অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিক্ষার আধুনিকায়ন ও দক্ষতাকেন্দ্রিক দেশে গঠনে নতুন রাজনৈতিক কর্মপরিকল্পনা গ্রহণ করেছেন।
শুক্রবার রাতে যশোর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন (আইডিইবি) যশোর শাখার আয়োজনে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ১৯৭৮ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং ১৯৯৪ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ভোকেশনাল শিক্ষার বিকাশে যে ভূমিকা রেখেছিলেন বিএনপি ক্ষমতায় গেলে সেই ধারাবাহিকতা আরও বিস্তৃত হবে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মূল্যায়ন নিশ্চিত করে শিল্প ও শ্রমবাজারে তাদের অবদান বাড়াতে সংশ্লিষ্ট নীতিমালা হালনাগাদ করা হবে।
অমিত বলেন, দীর্ঘ আন্দোলনের মাধ্যমে দেশে ফ্যাসিবাদী দুঃশাসনের পতন ঘটেছে। গণতন্ত্র পুনরুদ্ধারে যশোরে ভোটাধিকারের দাবিতে ৬৮ জন মানুষ জীবন দিয়েছেন। তিনি দাবি করেন, বেগম খালেদা জিয়া জীবনসংকটের মধ্যেও জনগণের গণতান্ত্রিক অধিকারের প্রশ্নে কোনো আপোষ করেননি। তারেক রহমানও দেশের মানুষের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠায় নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছেন।
তিনি উপস্থিত ইঞ্জিনিয়ারদের আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান।
সভায় সভাপতিত্ব করেন আইডিইবি যশোর সদর উপজেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার সৈয়দ আব্দুল মতিন। সঞ্চালনা করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. রবিউল ইসলাম। বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, অধ্যাপক গাজী ইকফাত মাহমুদ, আইডিইবি জেলা সভাপতি মো. আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক মো. রুহুল আমিনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
