নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক কাস্টমস দিবস বুধবার ২৬ জানুয়ারি যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্যে দিয়ে বেনাপোল কাস্টমস হাউস দিবসটি উদযাপন করেছে।
এবারের কাস্টমস দিবসের মূল প্রতিপাদ্য ‘তথ্য সংস্কৃতি বিকাশ এবং তথ্য ইকোসিস্টেম বিনির্মাণের মাধ্যমে ডিজিটাল কাস্টমসের সম্প্রসারণ’। এতে তিনটি বিষয়ের ওপর গুরুত্ব দেয়া হয়েছে, ডিজিটাল কাস্টমসের সম্প্রসারণ, তথ্য-উপাত্ত চর্চা ও তথ্য প্রতিবেশ।
করোনা মহামারির কারণে এবারের কাস্টমস দিবসে বড় ধরনের আয়োজন করছে না বেনাপোল কাস্টমস হাউস। তবে স্বাস্থ্যবিধি মেনে বেনাপোল কাস্টমস হাউজের নিজস্ব অডিটোরিয়ামে সেমিনার ও আলোচনা সভার আয়োজন করেছে প্রতিষ্ঠানটি।
বেনাপোল কাস্টমস হাউজের কমিশনার আজিজুর রহমানের সভাপতিত্বে সেমিনার ও আলোচনা সভার প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোয়াজ্জেম হোসেন, কমিশনার, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, যশোর।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লে. কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী, অধিনায়ক, ৪৯ বিজিবি, যশোর ব্যাটালিয়ন। মনিরুজ্জামান (উপসচিব), পরিচালক(ট্রাফিক), বেনাপোল স্থলবন্দর। মফিজুর রহমান সজন, সভাপতি, বেনাপোল সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশন।