নিজস্ব প্রতিবেদক
যশোরের বেনাপোল স্থলবন্দর-সংলগ্ন এলাকায় দুর্বৃত্তদের ছোড়া ককটেল বিস্ফোরণে শ্রমিক ইউনিয়নের দুই নেতা আহত হয়েছেন। সোমবার দিবাগত রাত একটার দিকে শার্শা উপজেলার ছোট আঁচড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার দুপুরে বিক্ষোভ মিছিল করেছেন শ্রমিক ইউনিয়নের নেতা-কর্মীরা।
আহতরা হলেন বেনাপোল বন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি তবিবুর রহমান এবং যশোর আন্তজেলা ট্রাক ও ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়ন বেনাপোলের সিনিয়র সহসভাপতি লোকমান হোসেন।
পুলিশ জানায়, সোমবার রাতে বেনাপোল স্থলবন্দরে শ্রমিক ইউনিয়নের কার্যালয় থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন তবিবুর ও লোকমান। পথে ছোট আঁচড়া এলাকায় আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাঁদের লক্ষ্য করে পরপর দুটি ককটেল নিক্ষেপ করে। এরপর হামলাকারীরা পালিয়ে যায়। এর মধ্যে একটি ককটেল বিস্ফোরিত হলে তবিবুরের ডান পায়ে এবং লোকমানের বাঁ পায়ে আঘাত লাগে। তাঁরা সড়কে পড়ে যান।
পরে অন্য শ্রমিকেরা তাঁদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ।
বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী বাবুল হোসেন বলেন, ককটেল বিস্ফোরণে দুজনের পায়ে সামান্য আঘাত লেগেছে। তাঁরা চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। মঙ্গলবার দুপুর পর্যন্ত এ ঘটনায় কেউ এজাহার দেননি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
এদিকে হামলার প্রতিবাদে মঙ্গলবার দুপুর ১২টার দিকে বিক্ষোভ মিছিল করেন শ্রমিক ইউনিয়নের নেতা-কর্মীরা। সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদ আলীর নেতৃত্বে শত শত শ্রমিক মিছিলে অংশ নেন। মিছিলটি বন্দর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
সমাবেশে শ্রমিক নেতারা এ ঘটনার তীব্র নিন্দা জানান এবং হামলায় জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে বিচারের দাবি জানান।
সর্বশেষ
- ককটেল হামলার প্রতিবাদে উত্তাল বেনাপোল!
- যশোরের খড়কি এলাকায় আড়াই মাসেই কালভার্ট ভাঙল, ড্রেন নির্মাণেও অসংগতি
- কেশবপুরের সাবেক এমপি আজিজুলকে রাজধানী থেকে গ্রেপ্তার
- মোহনা টিভির সাংবাদিক স্বাধীন আব্দুল্লাহকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় চালান
- মায়ের সঙ্গে ফোনে কথা, স্ত্রীর কব্জি কেটে বিচ্ছিন্ন!
- টিটন হত্যা মামলায় গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম
- ফায়ার লাইসেন্সে ‘টাকার খেলা’ জিম্মি সেবাগ্রহীতারা
- তামান্নার স্বপ্নযাত্রায় সহমর্মিতার সঙ্গী প্রতিমন্ত্রী অমিত
