নিজস্ব প্রতিবেদক: অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ের অভিযোগের ব্যাংক কর্মকর্তা মমিনুরের বিরুদ্ধে যশোরের একটি আদালতে মামলা করেছেন তার স্ত্রী। বৃহস্পতিবার যশোর সদরের বালিয়া ভেকুটিয়া গ্রামের জসিম উদ্দিনের মেয়ে হাজেরা খাতুন মামলা করেন।
সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক পলাশ কুমার দালাল অভিযোগের তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন। আসামি মমিনুর ঝিনাইদহের মহেশপুরের শ্যামকুড় গ্রামের জয়নাল আবেদিনের ছেলে। তিনি মৌলভী বাজার মার্কেন্টাইল ব্যাংকের অফিসার হিসেবে কর্মরত আছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী রুহিন বালুজ।
মামলার অভিযোগে জানা গেছে, মমিনুর রহমান ২০১৫ সালের ২০ অক্টোবর হাজেরা খাতুনকে বিয়ে করেন। এরপর তারা ঢাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন। ২০২১ সালের ৯ এপ্রিল মোমিনুর যৌতুক চেয়ে না পেয়ে স্ত্রীকে তার বাসা থেকে তাড়িয়ে দেন।
মমিনুরের সাথে বিষটি মীমাংসায় ব্যর্থ হয়ে যৌতুক নিরোধ ও পারিবারিক সহিংসতা প্রতিরোধ আইনে তার বিরুদ্ধে আদালতে মামলা করা হয়। ওই বছরের ৫ আগস্ট মোমিনুর গোপনে দ্বিতীয় বিয়ে করেন। যা চলতি বছরের ২ ডিসেম্বর প্রথম স্ত্রীর হাজেরা খাতুন নিশ্চিত হয়ে আদালতে এ মামলা করেছেন।