বেনাপোল প্রতিনিধি
দীর্ঘ ৩ থেকে ৭ বছর সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরেছেন ৬ বাংলাদেশি যুবক। বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বুধবার (১৪ জুন) বিকালে বেনাপোল চেকপোস্ট দিয়ে তারা দেশে ফেরেন। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ।
ফেরত আসা যুবকরা হলেন, আল আমিন (২২), কালাম হোসেন (২৫), বাদশা (২১), মাহমুদুল হাসান (২৬), আবুল খায়ের (২৪) ও আরিফুল ইসলাম (২৫)। তারা প্রত্যেকে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার খয়েরতলা এলাকার বাসিন্দা।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব বলেন, ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটে ফেরত আসা ৬ বাংলাদেশিকে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়। সেখান থেকে তারা নিজ উদ্যোগে বাড়ি ফিরে যাবেন।
জাস্টিস অ্যান্ড কেয়ারের ফিল্ড অফিসার রোকেয়া জানান, ফেরত আসা যুবকরা ভালো কাজের আশায় ভারতের চেন্নাই গিয়েছিল। সেখানে বিভিন্ন পেশায় কাজ করার সময় তারা পুলিশের হাতে আটক হন। পুলিশ তাদের জেলহাজতে পাঠায়। আদালত তাদের ৩-৭ বছরের সাজা দেন। সাজার মেয়াদ শেষে ত্রিজি নামে একটি এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে নিয়ে নিজেদের শেল্টার হোমে রাখে।
