নিজস্ব প্রতিবেদক
যশোরে বিদেশে পাঠানোর নামে ভিসা প্রতারণা করে ৪ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগে আত্মীয় স্বজনসহ ৫জনের নামে থানায় মামলা হয়েছে। শহরের ষষ্ঠীতলা মুজিব সড়কের সিডফন টাওয়ারের বাসিন্দা আব্দুর রশিদ বৃহস্পতিবার মামলাটি করেছেন।
আসামিরা হলো, বাদী আব্দুর রশিদের ভায়রা ভাই মাগুরা সদর উপজেলার জয়পুর গ্রামের হাবিবুল্লাহর ছেলে আলমগীর হোসেন, জান্নাতুল ফেরদৌস, হাটগোপালপুর গ্রামের রতন বিশ্বাসের স্ত্রী রুপালী বগেম, যশোরের বাঘারপাড়া উপজেলার প্রেমচারা গ্রামের হাবিবুর রহমানের ছেলে সোহাগ হোসেন হৃদয় এবং বড় খুদরা গ্রামের শিশির পালের ছেলে প্রকাশ পাল।
মামলায় উল্লেখ করা হয়েছে, আলমগীর হোসেন ও আব্দুর রশিদ ভায়রা ভাই। অন্যরা আত্মীয়। আলমগীর হোসেন বর্তমানে থাইল্যান্ডে থাকেন। তিনি ও তার স্ত্রী প্রস্তাব দেন যে আব্দুর রশিদের ছেলে এএসএম রেজওয়ানকে থাইল্যান্ডে পাঠাতে পারবে। সেখানে তার প্রতিমাসে বাংলাদেশি টাকায় ৬০ হাজার টাকা বেতন হবে। তিনি তাদের কথায় রাজি হন। তারা তাদের সহযোগিদের নিয়ে রেজওয়ানকে বিদেশে পাঠাতে পারবে বলে সাত লাখ টাকার প্রস্তাব দেন। বিভিন্ন সময়ে জান্নাতুল ফেরদৌস ও তার সহযোগী হৃদয়কে মোট ৪ লাখ টাকা দেন। গত ১১ মার্চ তার ছেলেকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যেতে বলেন। সেখানে গেলে তাকে একটি ভিসা ও পাসপোর্ট দেয়। কিন্তু সেটা ভিয়েতনামের সাতদিনের টুরিস্ট ভিসা। এই ঘটনাটি আলমগীরকে জানান রশিদ। তিনি জানান বিষয়টি পরে ঠিক করে দিবেন। প্রয়োজনে টাকা ফেরৎ দেয়া হবে। কিন্তু আজ না কাল বলে ঘুরাতে থাকেন। সর্বশেষ গত ১০ মে আসামিদের সাথে যশোর শহরের দড়াটানায় দেখা হয়। তারা টাকা দিতে পারবে না বলে জানালে তিনি থানায় মামলা করেন।
