নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের ভৈরব নদ থেকে কচুরিপানা অপসারণে স্বেচ্ছাশ্রমে চলমান কার্যক্রমের পাশে দাঁড়িয়েছে জেলা বিএনপি। ডা. সাদিয়া মনোয়ারা ঊষার নেতৃত্বে পরিচালিত এ উদ্যোগে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন।
রোববার (১৫ নভেম্বর) সকালে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ভৈরব নদের কচুরিপানা পরিষ্কারের কার্যক্রম পরিদর্শন করেন তিনি। এ সময় স্বেচ্ছাসেবীদের উদ্যোগের প্রশংসা করে নদ রক্ষায় দলমতনির্বিশেষে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
পরিদর্শনকালে দেলোয়ার হোসেন খোকন বলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের নির্দেশনায় তিনি এ কার্যক্রম দেখতে এসেছেন। প্রতিমন্ত্রীর পক্ষ থেকে এই উদ্যোগে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে।
তিনি বলেন, ভৈরব নদকে ঘিরে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের একটি দীর্ঘমেয়াদি মাস্টারপ্ল্যান রয়েছে। নদটিকে দখল ও দূষণমুক্ত করা এবং পানির স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনাই এ পরিকল্পনার অন্যতম লক্ষ্য।
শুধু নদ সংরক্ষণ নয়, যশোর শহরের যানজট নিরসনেও বেশ কিছু পরিকল্পনা রয়েছে বলে জানান জেলা বিএনপির এই নেতা। তিনি বলেন, গরীব শাহর মাজারসংলগ্ন এলাকায় ভৈরব নদের ওপর নতুন সেতু নির্মাণ, কাঠেরপুল সেতু প্রশস্তকরণ এবং বিদ্যমান একটি সেতু পুনর্নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
দেলোয়ার হোসেন খোকনের দাবি, নদ সংরক্ষণ ও অবকাঠামো উন্নয়নের এসব পরিকল্পনা নিয়ে ইতিমধ্যে সরকারের উচ্চপর্যায়ে আলোচনা করেছেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, সাবেক সহসভাপতি গোলাম রেজা দুলু, জেলা ছাত্রদলের সদস্যসচিব শাহনেওয়াজ ইমরানসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে কচুরিপানায় ভরাট হয়ে থাকা ভৈরব নদ পরিষ্কারে ডা. সাদিয়া মনোয়ারা ঊষার নেতৃত্বে স্বেচ্ছাশ্রমের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিচ্ছেন।
