কল্যাণ ডেস্ক: বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ভোক্তা পর্যায়ে ১২ কেজির প্রতিটি সিলিন্ডারের দাম ৬২ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
১২ কেজি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডারের দাম দাঁড়ালো এক হাজার ২৪০ টাকায়।
বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় এ ঘোষণা দেয় বিইআরসি। আজ (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬টা থেকেই এ দাম কার্যকর হবে।
বিইআরসির বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে (ভোক্তা পর্যায়ে) মূসক ব্যতীত মূল্য প্রতি কেজি ৯৬ দশমিক ৮৬ টাকা। মূসকসহ মূল্য প্রতি কেজি ১০৩ দশমিক ৩৪ টাকায় সমন্বয় করা হয়েছে। সে অনুযায়ী রিটেইলার পয়েন্টে ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজির মূসকসহ মূল্য দাঁড়াচ্ছে এক হাজার ২৪০ টাকা।
গত বছর টানা পাঁচ দফা এলপিজির দাম বাড়ে। এতে সবশেষ ৪ নভেম্বর ১২ কেজি ওজনের একটি এলপিজি সিলিন্ডারের দাম মূসকসহ এক হাজার ৩১৩ টাকা নির্ধারণ করে বিইআরসি, যা ছিল গত বছরের সর্বোচ্চ দাম। পরে ৩ ডিসেম্বর দাম কমিয়ে এক হাজার ২২৮ টাকা নির্ধারণ করা হয়। টানা দাম বাড়ার কারণে গেল বছর আলোচনায় ছিল এলপিজি গ্যাস।
চলতি বছরের জানুয়ারি মাসে ৫০ টাকা কমিয়ে এলপিজির দাম ১ হাজার ১৭৮ টাকা নির্ধারণ করলেও আবার ৬২ টাকা দাম বাড়ালো সরকার।