নিজস্ব প্রতিবেদক
পুলিশ ভোটারদের পাশে রয়েছে বলে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন দেশবাসীকে নির্ভয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন। একই সাথে তিনি নাশকতাকারীদের তথ্যদাতাকে ২০ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দেন।
মঙ্গলবার যশোর পুলিশ সুপারের কার্যালয়ে খুলনা বিভাগের ১০ জেলার পুলিশ সুপারদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ের তিনি এ আহ্বান জানান ও ঘোষণা দেন।
পুলিশ প্রধান বলেন, ‘নির্বাচনে আগে ও পরে নির্বাচন কমিশনের নির্দশনামতে পুলিশ নিরাপত্তা গ্রহণ করে থাকে। সেই অনুযায়ী আমাদেও সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আপনারা নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন। পুলিশ আপনাদের পাশে রয়েছে। প্রার্থীদের তালিকা অনুযায়ী ও আমাদের নিজস্ব ব্যবস্থায় ঝুঁকিপূর্ণ তালিকা প্রস্তুত করা হয়েছে। কেন্দ্রগুলোতে অধিক সর্তকতার সঙ্গে পুলিশ দায়িত্ব পালন করবে।
তিনি বলেন, নির্বাচন নিয়ে এখনো কোন নাশকতার শঙ্কা নেই। তবে নাশকতার বিষয়টি বিবেচনা করে, বাংলাদেশ পুলিশ নিরাপত্তার সকল ব্যবস্থা গ্রহণ করেছে। কারোও কাছে কোন নাশকতার তথ্য থাকলে পুলিশকে জানাতে পারেন। নির্বাচন বানচাল এবং এ ধরণের অপপ্রয়াস চালায়; তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যদি কেউ আমাদের নাশকতাকারীদের তথ্য দেন; তাদের পরিচয় গোপন করে ২০ হাজার টাকা থেকে লাখ টাকা পুরস্কার দেওয়া হবে।
সংখ্যালঘুদের ক্ষেত্রে বিশেষ নিরাপত্তা গ্রহণ করা হয়েছে মন্তব্য করে আইজিপি বলেন, নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘু রয়েছে, তাদের উৎকণ্ঠার কথা মাথায় রেখে নির্বাচনী নিরাপত্তা গ্রহণ করেছি। তারা যেন নিরাপদে ভোট দিতে পারে; সেই লক্ষে সকল পুলিশ সুপারদের নির্দেশনা দিয়েছি। এর পাশাপাশি নারীরা ও বয়স্করা ভোট দিতে পারে পুলিশ তাদেরকে সহযোগিতা করবে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে টহল জোরদার বাড়ানো হয়েছে। আগামি নির্বাচনে সুষ্ঠু করতে পুলিশের সকল সদস্য মানসিকভাবে প্রস্তুত রয়েছে।
নির্বাচনী সহিংসতার বিষয়ে তিনি বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড করতে প্রার্থীদের প্রতিটি অভিযোগ আমলে নিয়ে ব্যবস্থা নেয়া হচ্ছে। নির্বাচনের পূর্বে, নির্বাচনকালীন ও নির্বাচন পরবর্তী সবরকম সহিংসতা রুখতে পুলিশ সতর্ক অবস্থানে থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।
এ সময় উপস্থিত ছিলেন- পুলিশের খুলনা রেঞ্জ ডিআইজি (উপ-পুলিশ মহাপরিদর্শক) মঈনুল হক, যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারসহ খুলনা বিভাগের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
