নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শার মাটিকুমরা গ্রামে ভ্রুণ হত্যার অভিযোগে স্বামীসহ পাঁচ জনকে আসামি করে আদালতে মামলা হয়েছে। সোমবার ছোট নিজামপুর গ্রামের মেহেরজান খাতুন মামলাটি করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মঞ্জুরুল ইসলাম অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করার আদেশ দিয়েছেন শার্শার থানার ওসিকে।
আসামিরা হলো মাটিকুমড়া গ্রামের মেহেরজানের স্বামী সেহেল রানা, শাশুড়ি মমতাজ বেগম, আলমগীর হোসেনের স্ত্রী আন্না খাতুন পুতুল, মারুফ হোসেনের স্ত্রী তাসলিমা খাতুন ও গিলেপোল গ্রামের সাসুম।
মামলার অভিযোগে জানা গেছে, গত ১ মার্চ আসামিরা সন্তান নষ্ট করে ফেলার জন্য মেহেরজানকে হাসপাতালে যাওয়ার জন্য চাপ সৃষ্টি করে। মেহেরজান হাসপাতালে যেতে রাজি না হওয়ায় আসামিরা তাকে মারপিট করে পেটে আঘাত করে। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়ে মেহেরজান। এ সংবাদ পেয়ে বাবার বাড়ির লোকজন তাকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে গর্ভের সন্তান নষ্ট হয়ে গেছে বলে রিপোর্ট দেন।