কেশবপুর (পৌর) প্রতিনিধি: কেশবপুর উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মেম্বর প্রার্থী আব্দুল জলিলের নির্বাচনী অফিস ভাঙচুর, কর্মীদের ভয়ভীতি, হুমকি ও মারপিট করার অভিযোগ উঠেছে। এ ঘটনা উল্লেখ করে শনিবার রিটার্নিং অফিসার ও কেশবপুর থানায় অভিযোগ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, পঞ্চম ধাপের নির্বাচনে কেশবপুরের মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে। প্রতীক বরাদ্ধ শেষে প্রার্থীরা প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। শনিবার মঙ্গলকোট ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মেম্বর প্রার্থী আব্দুল জলিলের (বৈদ্যুতিক পাখা মার্কা) বাদুড়িয়া মোড়স্থ প্রধান নির্বাচনী অফিস ভাঙচুর করা হয়েছে।
আব্দুল জলিল বলেন, তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আমার নির্বাচনী অফিস ভাঙচুর করেছে। এসময় হামলাকারীরা ৫০টি চেয়ার ও ৩ টি হাত মাইক ভেঙে ফেলে। ২ হাজার লিফলেট, ৩ হাজার, ১৫শ’ স্টিকার নিয়ে যায়। এছাড়াও কেশবপুর পৌর শহরসহ আশপাশের বিভিন্ন এলাকার পেশাদার সন্ত্রাসীর আনাগোনা বেড়েছে, এ সকল সন্ত্রাসীরা আমি ও আমার কর্মীদের জীবন নাশের হুমকি অব্যহত রেখেছে।
কেশবপুর থানার অফিসার ইনচার্জ বোরহান উদ্দীন বলেন, এবিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা র্নিবাহী অফিসার এম এম আরাফাত হোসেন বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। নির্বাচনে প্রার্থীরা যাতে সুষ্ঠু ও সুন্দর পরিবেশ নির্বাচনী কার্যক্রম চালাতে পারে তার জন্য আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।