নিজস্ব প্রতিবেদক
জেডিসি এবং মণিরামপুর ক্রিকেট একাডেমির যৌথ উদ্যোগে আয়োজিত টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে নওয়াপাড়ার আজাদ স্পোর্টিং ক্লাব। শনিবার মণিরামপুর সরকারি কলেজ মাঠে তারা ৬ উইকেটে মণিরামপুরের শেখ রাসেল ক্রিকেট একাডেমিকে পরাজিত করে।
টসে জিতে প্রথমে ব্যাট করে শেখ রাসেল ৯ উইকেট হারিয়ে ১৫৩ রান করে। দলের পক্ষে রমজান ৪৪ বলে সর্বোচ্চ ৫৯ রান করেন। আজাদ স্পোর্টিং ক্লাবের কপিল ২৭ রানে ৩টি উইকেট দখল করেন।
জবাবে ব্যাট করতে নেমে ১৭ ওভার ১ বলে ৪ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে নওয়াপাড়া আজাদ স্পোর্টিং ক্লাব। রনি ৩৪ বলে ৫৫ ও কপিল ১৭ বলে ২৭ রান করেন। শেখ রাসেলের তাওহীদ ২টি, আবির ও শিবলি ১টি করে উইকেট দখল করেন। শুক্রবার টুর্নামেন্টের প্রথম ম্যাচে জয় পায় যশোর ওয়ারিয়ার্স।
আগামী শুক্রবার টুর্নামেন্টের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। সকালে ইয়াং ক্রিকেট ক্লাব রংপুরের মুখোমুখি হবে যশোরের বসুন্দিয়া ক্রিকেট একাডেমি। দুপুরে অপর ম্যাচে স্বাগতিক মণিরামপুর ক্রিকেট একাডেমির বিপক্ষে মাঠে নামবে সাতক্ষীরা তালার সুভাষিণী ক্রিকেট একাডেমি।
