নিজস্ব প্রতিবেদক: যশোরের মণিরামপুর উপজেলার কোদলাপাড়ায় ডাকাতির ঘটনায় আরো ৮ ডাকাতসহ ৯ জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বুধবার গভীর রাতে যশোর, খুলনার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এসময় তাদের কাছ থেকে একটি ওয়ানশুটার গান, দুই ভরি স্বর্ণালংকার ডাকাতির কাজে ব্যবহৃত জিনিসপত্র উদ্ধার করা হয়। বৃহস্পতিবার দুপুরে নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ডিবি পুলিশের ওসি রুপন কুমার সরকার। এর আগে মঙ্গলবার ১০ ডাকাতকে আটক, ৪ ভরি স্বর্ণালংকার, ২২ হাজার টাকা, দা, চাবি ও খেলনা পিস্তল উদ্ধার করে।
ব্রিফিংয়ে তিনি জানান, গত ২৬ নভেম্বর রাতে মণিরামপুর উপজেলার কোদলাপাড়া গ্রামের জনৈক মশিউর রহমানের বাড়িতে একদল ডাকাত হানা দেয়। এ ঘটনায় মণিরামপুর থানায় মামলা হলে ডিবি পুলিশ ডাকাতদের ধরতে অভিযান শুরু করে।
বুধবার রাতে যশোর ও খুলনার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের ৮ সদস্যকে একটি ওয়ান শুট্যার গান, লুট করা দুই ভরি স্বর্ণালংকার ও ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়। এছাড়া লুট করা স্বর্ণ ক্রয়কারী এক জুয়েলার্স ব্যবসায়ীকে আটক করা হয়।
ওসি আরো জানান, গ্রেফতারকৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় চুরি ডাকাতির একাধিক মামলা রয়েছে। আটককৃতদের বৃহস্পতিবার বিকেলে আদালতে সোপর্দ করা হবে।
আটককৃতরা হলো যশোর সদর উপজেলার কৃষ্ণবাটি গ্রামের জাকির, ঝিকরগাছা উপজেলার আশিংড়ি গ্রামের নূর ইসলাম, মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর গ্রামের লিটন শেখ, পাহুল্লা গ্রামের মিন্টু ব্যাপারী, বলসা গ্রামের হুমায়ুন কবীর, কালকিনি উপজেলার চর দৌলতখান গ্রামের স্বপন সরদার, রাজবাড়ি সদর উপজেলার ব্রাহ্মণদিয়া গ্রামের আনোয়ার, গোপালগঞ্জের মকসেদপুর উপজেলার বাকসাখোলা গ্রামের সুরুজ শেখ ও খুলনার ছোট বয়রা শশ্মানঘাট এলাকার অসিম চন্দ্র কর্মকার।