নেহালপুর প্রতিনিধি: মণিরামপুরে ৬৮ পিস ইয়াবাসহ সুমন কবীর ওরফে ছোট সুমন (২৯) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে নেহালপুর ফাঁড়ির পুলিশ। বুধবার রাত ২ টার দিকে মণিরামপুর উপজেলার নেহালপুর ইউনিয়নের বালিধা গ্রামের রাজধানী পাড়া এলাকার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি বালিধা গ্রামের জাকির হোসেন গাজীর ছেলে।
এলাকাবাসী জানান, তিনি দীর্ঘদিন ধরে মাদক ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত। নেহালপুর পুলিশ ফাঁড়ি ইনচার্জ আতিকুজ্জামান তার সঙ্গীয় অফিসার এএসআই শরিফুল ইসলামকে সাথে নিয়ে এ অভিযান পরিচালনা করেন। এ সময় তার কাছে থাকা একটি ১০০ সিসি মোটর সাইকেল ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল জব্দ করা হয়।
মণিরামপুর থানার ওসি (সার্বিক) শেখ মনিরুজ্জামান জানান, সুমন কবীরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাকে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।