নিজস্ব প্রতিবেদক, মণিরামপুর
যশোরের মণিরামপুরে মাধ্যমিক স্তরের ৬৭৮ মেধাবী শিক্ষার্থীকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ট্যাব বিতরণ শুরু হয়েছে। উপজেলার ১১৩ শিক্ষা প্রতিষ্ঠানের নবম ও দশম শ্রেণির ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী শিক্ষার্থীরা এ ট্যাব পাবে। শনিবার উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য শিক্ষার্থীদের হাতে ট্যাব তুলে দিয়ে বিতরণ কাজের উদ্বোধন করেন। প্রথম দিনে মণিরামপুর সরকারি বালক ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়সহ ১৮টি প্রতিষ্ঠানের ১০৮ শিক্ষার্থী ট্যাব পেয়েছে। পর্যায়ক্রমে বাকি শিক্ষার্থীদের ট্যাব দেয়া হবে বলে জানিয়েছেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মাসুদ হোসেন।
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম, পৌরসভার মেয়র কাজী মাহমুদুল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মনিরুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্ত্তী বাচ্চু প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, ২০২২ সালে জনশুমারিতে ট্যাব ব্যবহৃত ট্যাবগুলো হতে মণিরামপুরের ৬৭৮ জন মেধাবী শিক্ষার্থী এ ট্যাব পাচ্ছে।
