মণিরামপুর (যশোর) প্রতিনিধি: মণিরামপুরে একটি ইউনিয়নে বিএনপি’র পক্ষপাতমূলক ওয়ার্ড কমিটি গঠন হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা বিএনপি এবং ইউনিয়ন বিএনপি’র দু’নেতা যশোর জেলা কমিটির কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। এলাকায় বিএনপি’র দুই পক্ষের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে বলে জানা গেছে।
উপজেলার হরিহরনগর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক রবিউল ইসলাম যশোর জেলা বিএনপি’র সভাপতি ও সম্পাদক বরাবর লিখিত অভিযোগে উল্লেখ করেছেন, ইউনিয়ন বিএনপির আহবায়ক গাজী আব্দুস সাত্তার তার পছন্দের লোকদের নিয়ে ইফতার মাহফিলের নামে কমিটি গঠন করেছেন। এ নিয়ে থানা বিএনপির প্রবীণ নেতা মোহাম্মদ মুছা ক্ষোভ প্রকাশ করে বলেন, শহীদ ইকবাল তার লোকজনদের নিয়ে আবারও পকেট কমিটি করতে মরিয়া হয়ে উঠেছে। যার বহিঃপ্রকাশ হিসেবে হরিহরনগর ইউনিয়ন বিএনপির ওয়ার্ড কমিটি গঠনে নজির সৃষ্টি করেছেন।
এ দিকে থানা বিএনপির যুগ্ম আহবায়ক ডাক্তার আলতাফ হোসেন লিখিতভাবে জেলা বিএনপি নেতৃবৃন্দর কাছে আরও একটি অভিযোগ দাখিল করেছেন। তিনি লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত ২০ এপ্রিল হরিহরনগর ইউনিয়ন বিএনপির কমিট গঠনে তিনি দায়িত্বপ্রাপ্ত নেতা হলেও এ বিষয়ে তিনি কিছুই জানেন না। আহবায়ক গাজী আব্দুস সাত্তার তাকে (ডাক্তার আলতাফ) বাদ রেখেই ইফতার মাহফিলের আয়োজন করে তার পছন্দের লোকদের নিয়ে ৪টি ওয়ার্ড কমিটি গঠন করেছেন।
গাজী আব্দুস সাত্তার বিষয়টি অস্বীকার করে বলেন, ইউনিয়ন এবং থানা বিএনপি’র সকল সদস্যদের জানিয়েই সঠিক প্রক্রিয়ায় কমিটি গঠন করা হচ্ছে।