নিজস্ব প্রতিবেদক
যশোরের মণিরামপুর উপজেলা-এ আরিফ হোসেন (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যার পর তার মরদেহ মাছের ঘেরে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (২ মার্চ) সকালে উপজেলার নেহালপুর ইউনিয়নের বালিধা বৈরাগী মোড় সংলগ্ন একটি মাছের ঘের থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে।
নিহত আরিফ হোসেন স্থানীয় গরু ব্যবসায়ী আতিয়ার রহমানের একমাত্র ছেলে। নৃশংস এ হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকায় শোক ও আতঙ্কের ছায়া নেমে আসে।
স্থানীয়দের ভাষ্য, সকালে আনোয়ার ফকিরের মাছের ঘেরের পাড়ে রক্তের দাগ দেখতে পেয়ে পথচারীদের সন্দেহ হয়। পরে ঘেরের পানিতে ভাসমান মরদেহ দেখতে পেয়ে তারা পুলিশে খবর দেন। ধারণা করা হচ্ছে, রোববার (১ মার্চ) গভীর রাতে দুর্বৃত্তরা আরিফকে নির্জন স্থানে পেয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। এরপর প্রমাণ গোপনের উদ্দেশ্যে লাশ ঘেরের পানিতে ফেলে পালিয়ে যায়।
খবর পেয়ে মণিরামপুর থানা ও নেহালপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল-এর মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরে ধারালো অস্ত্রের একাধিক গভীর ক্ষতচিহ্ন পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে।
মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজিউল্লাহ খান বলেন, হত্যার সুনির্দিষ্ট কারণ এখনো উদ্ঘাটিত হয়নি। প্রাথমিকভাবে পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।
একমাত্র ছেলেকে হারিয়ে আরিফের পরিবারে চলছে শোকের মাতম। স্বজনরা দ্রুত তদন্ত শেষ করে হত্যাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
