নিজস্ব প্রতিবেদক
যশোর-২ (চৌগাছা–ঝিকরগাছা) আসনের জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদের উত্থাপিত অভিযোগকে ‘মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে প্রত্যাখ্যান করেছেন ধানের শীষের প্রার্থী সাবিরা সুলতানা মুন্নী।
সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে যশোর প্রেসক্লাবে আয়োজিত এক পাল্টা সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
লিখিত বক্তব্যে সাবিরা সুলতানা মুন্নী বলেন, গত ২৫ জানুয়ারি জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদ এক সংবাদ সম্মেলনে কীর্তিপুর গ্রামে তাদের নারী কর্মীদের ওপর হামলা ও শ্লীলতাহানির যে অভিযোগ তুলেছেন, তা সম্পূর্ণ অসত্য। প্রকৃত ঘটনা হলো—ওই দিন দুপুরে জামায়াতের কয়েকজন নারী কর্মী তার বাড়িতে গিয়ে ভোট চাইতে আসেন। তখন বাড়ির লোকজন জানান, ওই বাড়িতেও প্রার্থী রয়েছে; সেখানে ভোট চাওয়া অযৌক্তিক।
তিনি আরও বলেন, একপর্যায়ে জামায়াত কর্মীরা বলেন, ‘দাঁড়িপাল্লায় ভোট না দিলে মোনাফেক ও জান্নাত বঞ্চিত হবেন।’ এ বক্তব্যকে কেন্দ্র করে সামান্য কথা কাটাকাটি হলেও সেখানে কোনো ধরনের হামলা, শ্লীলতাহানি কিংবা ছিনতাইয়ের ঘটনা ঘটেনি।
সংবাদ সম্মেলনে সাবিরা সুলতানা দাবি করেন, ভোটারদের সহানুভূতি আদায় এবং ধানের শীষের প্রার্থীর আকাশচুম্বী জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল পরিকল্পিতভাবে মিথ্যা অভিযোগ ছড়াচ্ছে। নিশ্চিত পরাজয় আঁচ করেই সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদ সম্মেলনের মাধ্যমে বিভ্রান্তিকর ও ষড়যন্ত্রমূলক তথ্য প্রচার করা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।
এ ধরনের নোংরা রাজনীতির তীব্র নিন্দা জানিয়ে তিনি ভোটারদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান এবং সত্য যাচাই করে রায় দেওয়ার অনুরোধ করেন।
