নিজস্ব প্রতিবেদক: প্রতারণার মাধ্যমে মিনিস্টার হাইটেকপার্ক লিমিটেড কোম্পানির ৩২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে শহরের পালবাড়ি শো রুমের কর্মচারী জয়ন্ত ভট্টাচার্য্যের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। কোম্পানির যশোর সদর এরিয়ার ডিভিশনাল ম্যানেজার সেলিম আক্তার শুক্রবার মামলা করেন। সেলিম আক্তার শহরের ষষ্ঠীতলা পুকুরপাড়ের শওকত আলী মল্লিকের ছেলে।
মামলায় সেলিম আক্তার বলেন, জয়ন্ত শো রুমে কর্মরত থাকাকালীন ২০২১ সালের ১ জুনের পর থেকে ২২ সালের ৩০ জুনের মধ্যে কোম্পানির নিয়মকানুন ঠিকমতো পালন না করে বিভিন্ন রকম অনিয়ম করে আসছিলো। কোম্পানির পণ্য বিক্রির ওয়েব সাইটের সদস্য পদের আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করার সুযোগ নিয়ে বিভিন্ন ধরণের অপকর্ম করে।
একই সাথে অনিয়মতান্ত্রিকভাবে বেচাকেনা করে টাকা পয়সা আত্মসাত করে। বিষয়টি সন্দেহজনক হওয়ায় সার্বিক বিষয় পর্যালোচনা করে শোরুমে অডিট করা হয়। অডিটে দেখা যায় জয়ন্ত প্রায় সময় ভুয়া ডিলার নিয়োগ করে নিজের নামে ভুয়া কিস্তিকার্ড তৈরি করে ইচ্ছামতো টাকা আত্মসাত করে।
ডিলারের নিকট থেকে বিভিন্ন সময় টাকা পয়সা নিয়ে কোম্পানিতে জমা দেয় না। পণ্য বিক্রির টাকা কোম্পানির একাউন্টে জমা না দিয়ে আত্মসাত করে। একপর্যায়ে হিসাব নিকাশ করে দেখা যায় কোম্পানির মোট ৩২ লাখ ৫৭ হাজার ৪৯ টাকার হিসাব না দিয়ে জয়ন্ত আত্মসাত করে। কোম্পানির পক্ষ থেকে টাকার হিসাব নিকাশ চাইলে ও টাকা পরিশোধ করতে বললে বিভিন্ন অজুহাত দেখিয়ে তালবাহানা করে। এঘটনায় মামলা হয়েছে।