নিজস্ব প্রতিবেদক: মুজিব জন্মশতবার্ষিকী ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি যশোরের আয়োজনে আজ থেকে শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপি জেলা সাংস্কৃতিক উৎসব। বিকেল ৫ টায় টাউন হল মাঠে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে আলোচক থাকবেন হারুন অর রশিদ, সুকুমার দাস, দীপংকর দাস রতন, আহম্মেদ সাঈদ বুলবুল, সানোয়ার আলম। দলীয় সংগীত পরিবেশন করবে শিল্পকলা একাডেমি, সুরধুনী সংগীত নিকেতন, সুরবিতান সংগীত একাডেমি ও পুনশ্চ। এছাড়াও থাকবে দলীয় নৃত্য, একক পরিবেশন এবং কবিতা আবৃতি।
দ্বিতীয় দিন মঙ্গলবার বিকেল ৫ টায় টাউন হল মাঠে লোক সাংস্কৃতিক উৎসবে আলোচনা করবেন বাসুদেব বিশ্বাস, শ্রাবণী সুর, মাহমুদ হাসান বুলু, আব্দুল আফফান ভিক্টর, রওশন আরা রাসু। জেলার ৭ উপজেলার বাউল শিল্পীরা একক ও দলীয় লোকজ সংগীত পরিবেশন করবেন।
বুধবার তৃতীয় দিনে সোনার মানুষ চাই ও মূল্যবোধের অবক্ষয়ের বিরুদ্ধে সংস্কৃতি অনুষ্ঠানে আলোচনা করবেন সরকারি সিটি কলেজের সহযোগী অধ্যাপক ড. সবুজ শামীম আহসান। মণিরামপুর ও কেশবপুর উপজেলা শিল্পকলা একাডেমিসহ জেলার উপজেলা ও জেলা পর্যায়ের সাংস্কৃতিক সংগঠনগুলোর অংশগ্রহণে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
বৃহস্পতিবার চতুর্থ দিনে ‘২০৪১ বাংলাদেশ হবে নান্দনিক’ ও ‘শিল্পের শহর যশোর শীর্ষক অনুষ্ঠান’ এ আলোচক থাকবেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাধন দাস। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবে অভয়নগর ও বাঘারপাড়া উপজেলা শিল্পকলা একাডেমি এবং জেলা পর্যায়ের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন।
শুক্রবার শেষ দিনে ‘সাইবার অপরাধ বিরুদ্ধে শিল্প সংস্কৃতি’, জঙ্গিবাদ ও মাদকাসক্তের বিরুদ্ধে সংস্কৃতি’ শীর্ষক আলোচনা করবেন দৈনিক কল্যাণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা একরাম-উদ-দ্দৌলা। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবে শার্শা ও ঝিকরগাছা উপজেলা শিল্পকলা একাডেমি এবং জেলা পর্যায়ের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন।