মোংলা (বাগেরহাট) প্রতিনিধি: মোংলা পৌর শহরের প্রধান মাছ বাজারে অবাধে বিক্রি হচ্ছে বিলুপ্ত প্রায় প্রজাতির শাপলাপাতা মাছ। বৃহস্পতিবার সকাল থেকে বাজারে এ মাছ কেটে বিক্রি হচ্ছে ৪০০ ও সাড়ে ৪৫০ টাকা কেজি দরে। তবে এই মাছ শিকার ও বিক্রি নিষিদ্ধ তা জানেন না বলে দাবি করেছেন বিক্রেতারা।
এদিকে বঙ্গোপসাগর ও সুন্দরবন উপকূলের নদ-নদীতে বিলুপ্ত প্রজাতির এ মাছ শিকার নিষিদ্ধ এবং বিক্রি সম্পূর্ণ আইনত নিষিদ্ধ ও দন্ডনীয় অপরাধ। তারপরও কেউই তা মানছেন না। স্থানীয় প্রশাসন, মৎস্য অধিদফতর ও বনবিভাগের নিরব ভূমিকায় অবাধে শাপলাপাতা মাছ আহরণ, সংরক্ষণ ও বিপণন হচ্ছে।
মোংলা পোর্ট পৌরসভা মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আফজাল ফরাজি ও সাধারণ সম্পাদক আব্দুল হালিম বলেন, প্রায় প্রতিদিনই সাগর থেকে জেলেরা শাপলাপাতা মাছ বাজারে আনছেন। এই মাছ ধরা বা বিক্রি যে নিষিদ্ধ তা আমরা জানিনে। আমাদের কেউ কখনও বলেননি। সাগর থেকে এই মাছ শিকার করে নদী পথে আনার সময় বনবিভাগের কোন কর্মকর্তারা তো এতে বাঁধা দেন না।
ফরেস্টার বিএম মিজানুর রহমানের দাবি, তার বিরুদ্ধে ব্যবসায়ীদের অভিযোগ সত্য নয়।
এ বিষয়ে পশ্চিম বনবিভাগ খুলনা সার্কেলের বন সংরক্ষক মিহির কুমার দে বলেন, মূলত প্রচার-প্রচারণার অভাবেই কেউ জানেননা যে শাপলাপাতা মাছ শিকার ও বিক্রি নিষিদ্ধ। এখন থেকে মাইকিং করে সকলকে সতর্ক করবো আমরা। আর বিএম মিজানুর রহমানের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।